১৮ লাখ টাকা ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ টাকা, ১০০ ইয়াবা বড়ি ও একটি মাইক্রোবাসসহ কক্সবাজারের টেকনাফের দুই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চৌমুহনী শহর থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের হাতিয়াঘোনা এলাকার আহম্মদ হোসেন (৩৭) ও একই উপজেলার উত্তর লম্বরি গ্রামের সিরাজ উদ্দিন (৩২)। গ্রেপ্তারের পর থানাহাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই ইয়াবা ব্যবসায়ী কুমিল্লার লাকসামে ইয়াবা বিক্রি করেন। এরপর নিজেরাও ইয়াবা সেবন করেন এবং মাতাল অবস্থায় ইয়াবা বিক্রির টাকা নিয়ে মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। রাত দেড়টার দিকে মাইক্রোবাসটি বেগমগঞ্জের চৌমুহনী শহর অতিক্রমকালে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে অবহিত করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে চৌমুহনী মধ্যম বাজার আজমীর হোটেলের সামনে মাইক্রোবাসটি থামায়। এরপর ভেতরে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাঁদের কথাবার্তায় অসংলগ্নতা দেখে দেহ তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা ও ১০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় আটক ব্যক্তিরা ইয়াবা বিক্রি করে কক্সবাজার ফিরছে বলে পুলিশের কাছে স্বীকার করেন। নগদ টাকা, ইয়াবা ও মাইক্রোবাসসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক।