১৮ শিক্ষকের 'কোড' জালিয়াতি তুলেছেন বাড়তি বেতন
লালমনিরহাটের পাঁচ উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষক কোড জালিয়াতির মাধ্যমে উচ্চতর স্কেলে দুই মাসের (জুলাই-আগস্ট) বেতন তোলেন বলে জানা গেছে। পরে ঘটনা প্রমাণিত হলে এসব শিক্ষককে বাড়তি টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। তবে এখনো তাঁদের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান গত ১০ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ সত্য প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করেন। চিঠিটি অভিযুক্ত শিক্ষক ও তাঁদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরও দেওয়া হয়। একই সঙ্গে এই জালিয়াতির কারণে কেন ওই সব শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে গত ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানসহ অভিযুক্ত শিক্ষকদের ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ে এক শুনানিতে ডাকা হয়। তা ছাড়া শুনানিতে হাজির হওয়ার আগেই জালিয়াতি করে নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দিতে অভিযুক্ত শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের গাগলাপাড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিদ্যালয়ের শিক্ষক ফজলে রহমান এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পাঠানোর সঙ্গে জড়িত দপ্তরের কারও যোগসাজশে অবৈধভাবে উচ্চতর কোডে দুই মাসের বেতন-ভাতা তুলেছিলেন। পরে তিনি ওই বাড়তি টাকা ফেরত দেন। এ ছাড়া ঢাকায় গত ১৭ সেপ্টেম্বরের শুনানিতে এ জন্য ক্ষমাও প্রার্থনা করা হয়েছে।
একই উপজেলার বাণীনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গৌরী রাণী কোড জালিয়াতি করে বাড়তি বেতন-ভাতা তোলেন। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুনানিতে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য পেশ করেছি।’ সহকারী শিক্ষিকা গৌরী রাণী অভিযোগ স্বীকার করে বলেন, ‘ঢাকায় শুনানিতে উপস্থিত হয়ে আমার যা বলার ছিল তা বলেছি।’
জেলা শিক্ষা কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর একাধিক প্রধান শিক্ষক বলেন, জালিয়াতিতে জড়িত শিক্ষকেরা ব্যক্তিগত উদ্যোগে প্রতি মাসে যেখান থেকে এমপিও কাগজ আসে সেখানে যোগাযোগ করে নিজেদের কোড পরিবর্তন করে উচ্চতর স্কেলে বেতন তোলেন। পরে জেলা শিক্ষা কার্যালয়ের মারফত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বিষয়টি জানতে পারেন।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষক জালিয়াতি করে উচ্চতর বেতন স্কেলে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। ঢাকায় শুনানিতে সাক্ষ্য ও জালিয়াতি করে নেওয়া অর্থ ফেরত দিলেও এখনো তাঁদের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া গেলেই তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।