সাতক্ষীরার কলারোয়া উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার ভোরে ট্রাকভর্তি ১৮ হাজার ভারতীয় মুরগির বাচ্চা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকা থেকে গতকাল দুপুরে জাহাঙ্গীর হোসেন নামের এক তরুণকে আটক করেছে র্যা ব-৬। র্যা বের ভাষ্যমতে, এ সময় একটি নছিমনে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ১১৮টি কচ্ছপ ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিজিবির একটি দল কলারোয়া উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ট্রাকভর্তি ওই ১৮ হাজার মুরগির বাচ্চা উদ্ধার করে। পরে শুল্ক গুদাম কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেগুলো মেরে ফেলা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
র্যা ব-৬ কার্যালয় সূত্রে জানা গেছে, শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনকে চূড়ামনকাটি এলাকায় থামায় র্যা ব। তবে নছিমনের চালক পালিয়ে যান। পরে ওই নছিমনে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তার ভেতর থেকে ১১৮টি বিরল প্রজাতির কচ্ছপ ও দুটি বস্তার ভেতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নছিমনের পেছনে মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীরকে (২২) আটক করা হয়। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে।
র্যা ব-৬-এর যশোর কার্যালয়ের অধিনায়ক মেজর আবদুল্লাহ-আল-মেহেদি বলেন, চোরাই পথে ভারত থেকে ওই কচ্ছপ ও ফেনসিডিল আনা হয়। সেগুলো ঝিনাইদহের দিকে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় জাহাঙ্গীরসহ কয়েকজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা দিয়ে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। কচ্ছপগুলো বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে আজ বুধবার হস্তান্তর করা হবে।