১৯ জেলেকে অপহরণ, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে আবারও জেলেসহ মাছ ধরা ট্রলার অপহরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে সাঙ্গু গ্যাসফিল্ড এলাকা থেকে নোয়াখালীর হাতিয়ার ১৯ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।
ঘটনার পর জলদস্যুরা ট্রলার মালিক সমিতি ও জেলেদের মহাজনের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না পেলে জেলেদের হত্যার হুমকি দিয়েছে তারা। এ ঘটনায় জেলেদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত অপহৃত জেলেদের ভাগ্যে কী ঘটেছে বা তাঁরা কোথায় রয়েছেন, সে সম্পর্কে পুলিশ কিংবা কোস্টগার্ড কোনো তথ্য দিতে পারেনি।
এর আগে ১২ জুলাই সাঙ্গু গ্যাসফিল্ড এলাকায় দুটি মাছ ধরা ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। ট্রলার মালিকেরা জানান, অপহৃত জেলেদের তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়।
১৯ জেলেকে অপহরণের বিষয়ে হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি মো. রাশেদ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে হাতিয়া থেকে ৩৫-৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ড এলাকায় মাছ ধরার সময় একটি মাছ ধরা ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। তারা ট্রলারের সারেং মো. বাশার ওরফে বাশার মাঝিসহ ১৯ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে কক্সবাজারের কুতুবদিয়ার দিকে নিয়ে যায়। এরপর রাতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না পেলে জেলেদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. রাশেদ নিজাম চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলটি বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে কুতুবদিয়া চ্যানেলে। এ বিষয়ে তাঁদের কিছু করণীয় নেই।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা জানান, বঙ্গোপসাগরে ১৯ জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন।
এদিকে বঙ্গোপসাগর ও মেঘনায় ট্রলার ডাকাতি ও জেলেদের কাছে থেকে চাঁদা আদায়ের অভিযোগে গতকাল ভোরে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে জলদস্যু আবুল কালাম ওরফে কালাম মাঝিকে আটক করা হয়েছে।
নোয়াখালীর সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, আটক কালাম মাঝির বিরুদ্ধে মেঘনা ও বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি, মাছ লুট ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।