১৯ দিন পর মামলা নিল পুলিশ
কিন্ডারগার্টেনের শিক্ষককে মারধর ও বিদ্যালয়কক্ষ ভাঙচুরের ঘটনার ১৯ দিন পর গত বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী থানায় মামলা নথিভুক্ত হয়েছে। মামলায় যুবলীগের কর্মী আবদুর রাজ্জাককে (৩২) আসামি করা হয়েছে। রাজ্জাক শহরের মশুড়িয়াপাড়ার হাবিবুর রহমানের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ক্রীড়ার ফি বাড়ানোর ঘটনা নিয়ে ঈশ্বরদীর ওরিয়ন কিন্ডারগার্টেনের পরিচালক ও অধ্যক্ষ আবদুল খালেককে গত ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ের অফিসকক্ষের দরজা আটকিয়ে মারধর ও আলমারির কাগজপত্র তছনছ করা হয়। এ ঘটনায় তিনি ওই দিন অভিযুক্ত রাজ্জাকের বিরুদ্ধে থানায় মামলার কাগজ জমা দেন। কিন্তু ১৯ দিনেও মামলা না নেওয়ার প্রতিবাদে ও রাজ্জাককে গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে উপপরিদর্শক (এসআই) মনোয়ার জাহান বৃহস্পতিবার রাতেই রাজ্জাককে আসামি করে মামলাটি নথিভুক্ত করেন।