১৯ বখাটেকে আটক করে কান ধরে উঠবস
বেড়া মনজুর কাদের মহিলা কলেজ ও করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় বখাটেদের উৎপাত ব্যাপক বেড়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জন বখাটেকে আটক করে শাস্তি দিয়েছে।
বেড়া থানার পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্র জানায়, উপজেলার বেড়া মনজুর কাদের মহিলা কলেজ ও সাঁথিয়া উপজেলার করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয় একই আঙিনায় (ক্যাম্পাস) অবস্থিত। কলেজে প্রায় ১ হাজার ৪০০ ও বিদ্যালয়ে প্রায় ৮০০ ছাত্রী পড়ালেখা করে। প্রতিষ্ঠান দুটির সামনে মূল সড়ক থেকে সেচখালের সেতু পর্যন্ত রাস্তায় বখাটেদের ভিড় লেগেই থাকত। বিশেষ করে ক্লাস শুরু ও ছুটির সময় তাদের আনাগোনা ছিল সবচেয়ে বেশি। তাদের উৎপাতে শুধু ছাত্রীরাই নয়, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
এ সম্পর্কে অভিযোগ পাওয়ার পর গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ সাদাপোশাকে অভিযান চালিয়ে পুলিশ ওই রাস্তা থেকে ১৯ জনকে আটক করে। আটক বখাটেদের কলেজের মাঠে এনে কান ধরিয়ে কয়েকবার ঘোরানো হয়। এরপর তাদেরকে মাঠে কান ধরিয়ে উঠবস করানো হয়।
অভিযানের নেতৃত্বদানকারী বেড়া–সাঁথিয়া সার্কেলের সহাকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সে জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।