১৯ ব্যবসায়ীকে বেঁধে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া বাজারের ১৯ জন ব্যবসায়ীকে বেঁধে পাঁচটি দোকানে ডাকাতি করা হয়েছে। ২৫ থেকে ৩০ জন ডাকাত গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে তিনটা পর্যন্ত লুটতরাজ চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
পাজিয়া বাজার কমিটির আহ্বায়ক ও পাজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, বাজারে আগে চারজন নৈশপ্রহরী ছিলেন। তাঁরা থাকার পরও গত মাসে পরপর আটটি দোকানে চুরির ঘটনা ঘটে। এরপর বাজারের ৪৮৫ জন ব্যবসায়ী সিদ্ধান্ত নেন প্রতি রাতে ২০ জন দোকানদার পালাক্রমে পাহারা দেবেন। সোমবার রাতে ১৯ জন পাহারায় ছিলেন।
পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পিস্তল ঠেকিয়ে পাহারারত ১৯ জন ব্যবসায়ীকে বাজারের একটি চায়ের দোকানে বেঁধে রাখে। এরপর পাঁচটি দোকানের তালা ভেঙে ডাকাতি করে। ডাকাতেরা পলি জুয়েলার্স থেকে সাত ভরি সোনা ও ৮০ ভরি রুপা, পাইন জুয়েলার্স থেকে এক ভরি সোনা, ১২ ভরি রুপা ও প্রায় দুই হাজার টাকা, বাসুদেব দাসের মুদি দোকান থেকে দুই লাখ ১০ হাজার টাকা, সফির দোকান থেকে সাড়ে চার হাজার টাকা ও মান্নানের দোকান থেকে কয়েক কার্টন সিগারেট নিয়ে চলে যায়।
পলি জুয়েলার্সের মালিক নির্মল কর্মকার বলেন, ‘আমরা ব্যবসায়ীরা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ধরনের দুঃসাহসিক ঘটনা ভবিষ্যতে ঘটবে না তার নিশ্চয়তা কী।’
যোগাযোগ করা হলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।