১৯ মাস অনুপস্থিত চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর হাসপাতালে একজন চিকিৎসক যোগদান করার পর গত ১৯ মাসে এক দিনও কর্মস্থলে আসেননি। যোগদানের জন্য তাঁকে এ পর্যন্ত চারবার চিঠি দেওয়া হয়েছে। তবে কোনো সাড়া নেই। তিনি বিদেশে চলে গেছেন বলে দুটি সূত্রে জানা গেছে।
হাসপাতাল কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের শুরু থেকে চিকিৎসক শামছুল আলম রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে প্রথম দফায় ২০১৩ সালের ৭ মে রাজবাড়ী সদর হাসপাতালে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। এরপর ২০১৪ সালের ১৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক দ্বিতীয় দফায় চিঠি দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৩ জুলাই সদর হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মো. মাহবুবুল হকের কাছে যোগদানপত্র জমা দেন চিকিৎসক শামছুল। মাহবুবুল হক পত্রটি গ্রহণ করে ১৪ জুলাই বিষয়টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব (প্রশাসন) ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরকে অনুলিপি দিয়ে অবগত করেন। কিন্তু পরে আর কোনো দিনই কর্মস্থলে আসেননি চিকিৎসক শামছুল। এই অবস্থায় কর্মস্থলে দ্রুত যোগ দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ২০ জুলাই ও ২৬ আগস্ট তাঁকে চিঠি দেয়।
বিনা ছুটিতে অনুপস্থিত থাকার বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ। চিকিৎসক শামছুলের পদটি শূন্যও ঘোষণা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের একটি সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের একজন সাবেক কর্মকর্তা ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের এক প্রভাবশালী নেতার চাপে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়াই চিকিৎসক শামছুলকে সদর হাসপাতালে যোগদান দেখানো হয়। তিনি যোগদানের পর কর্মস্থলে এক দিনও আসেননি। অথচ তাঁকে যোগদানের তাগিদ দিয়ে কর্তৃপক্ষ কয়েকটি চিঠি দিয়েই দায় সেরেছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। চিকিৎসক শামছুল বর্তমানে মালদ্বীপে রয়েছেন বলে সূত্রটি জানায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশীল কুমার রায় বলেন, ‘যত দূর জেনেছি, তিনি (শামছুল) বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।’
জনবলসংকট চরমে
রাজবাড়ী সদর হাসপাতালটি ১০০ শয্যার। তবে বর্তমানে ৫০ শয্যার জনবল দিয়ে কার্যক্রম চলছে। হাসপাতালের বিভিন্ন বিষয়ের সিনিয়র কনসালট্যান্ট ও জুনিয়র কনসালট্যান্টসহ বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
সিভিল সার্জন মো. রহিম বক্স গতকাল বৃহস্পতিবার বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছি।’