কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৯টি অস্ত্র ও ৬২১ রাউন্ড গুলিসহ শ্রমিক লীগ নেতা মনোয়ারুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদারপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মনোয়ারুল ইসলাম চৌধুরী কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি।
র্যাব-৭-এর কক্সবাজার অঞ্চলের কোম্পানি কমান্ডার (অভিযানে নেতৃত্ব দেওয়া) মেজর রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মনোয়ারুল ইসলাম চৌধুরীর বাড়িতে বিপুল আগ্নেয়াস্ত্র মজুত রাখার খবরের ভিত্তিতে র্যাবের দলটি ভোররাতে বাড়িটি ঘেরাও করেন। এরপর ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১৩টি ওয়ান শুটারগান, ছয়টি এক নলা বন্দুক (এসবিবিএল) ও ৬২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ-র্যাব সূত্র জানায়, মনোয়ারুল ইসলাম চৌধুরী ওরফে মুকুল রাজনীতির ছত্রচ্ছায়ায় সাগরে জলদস্যুদের পৃষ্ঠপোষকতা করেন এবং এলাকায় ‘মুকুল বাহিনী’ নামে তাঁর একটি বাহিনী রয়েছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, লোকজনের জমি, দোকানপাট দখল ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে ওয়ার্ড আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অস্ত্রসহ মনোয়ারুল ইসলাম চৌধুরীকে থানায় সোপর্দ করার পর অস্ত্র আইনে মামলা হয়েছে। মনোয়ারুলের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় দুটিসহ বিভিন্ন স্থানে ছয়টি মামলা রয়েছে।