১৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গত শুক্রবার সকালে এবং আগের দিন বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়।
নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে অভিযান চালিয়ে মো. ইউসুফ (৩৭) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর কাছে ৮৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। ইউসুফের বাড়ি টেকনাফের হ্নীলা উপজেলায়।
শুক্রবার সকালে শাহ আমানত সেতু এলাকায় ৫০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয় দিদারুল আলী (১৯) নামের অপর এক তরুণকে। তিনি বাকলিয়া এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, ইউসুফ বিক্রির উদ্দেশ্যে টেকনাফ থেকে এসব বড়ি নিয়ে আসেন। দিদারুল আলীও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
অন্যদিকে ক্রেতা সেজে নগরের সদরঘাট এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদরঘাটের হোটেল ডিলাইট থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. ইদ্রিছ মিয়া (২৫) ও জকির ইসলাম (১৮)। দুজনের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার কাটাখালী এলাকায়। ইদ্রিছের কাছে ৮০০ এবং জকিরের কাছে ২০০ ইয়াবা পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম শহর অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, ‘টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য তাঁরা চট্টগ্রামে নিয়ে আসেন। আমরা ক্রেতা সেজে তাঁদের আটক করি। এ ব্যাপারে সদরঘাট থানায় একটি মামলা হয়েছে।’
চারজনকে দণ্ড: ইয়াবাসহ আটক চার ব্যক্তিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে নগরের পূর্ব বাকলিয়া এলাকা থেকে তাঁদের বাকলিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. জসিম উদ্দিনের (৩০) কাছে ১৪টি ইয়াবা, মো. আব্বাসের (২৫) কাছে ১০টি, জাহিদ হোসেনের (২৪) কাছে ৮টি ও সাদ্দাম হোসেনের (২৩) কাছে ১০টি ইয়াবা পাওয়া যায়।
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, পূর্ব বাকলিয়া এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।