১৯০০ গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মহাসড়কের ১২ কিলোমিটার অংশের ১ হাজার ৯০০ কড়ইগাছ (রেইনট্রি) দরপত্রের মাধ্যমে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। কিন্তু সড়ক বিভাগ বলছে, গাছগুলো তাদের মালিকানাধীন। তাই সেগুলো বিক্রি করতে পারে না বন বিভাগ। এ নিয়ে দুই বিভাগের মধ্যে টানাপোড়েন চলছে।
দুই বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার বদরপুর হতে কানাইপুর বিসিক শিল্পনগরী এলাকা পর্যন্ত চার কিলোমিটার অংশে ৯০০টি গাছ রয়েছে। এগুলো ১৯৯৭-৯৮ অর্থবছরে লাগানো হয়। একই সড়কের রাজবাড়ী রাস্তার মোড় থেকে বাহিরদিয়া সেতু পর্যন্ত আট কিলোমিটার অংশে রয়েছে আরও এক হাজার গাছ, যা ২০০২-০৩ অর্থবছরে লাগানো হয়। এই ১২ কিলোমিটার জায়গা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন। তবে গাছগুলো রোপণ করেছিল বন বিভাগ।
ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুর রহমান মিয়া প্রথম আলোকে বলেন, সওজের জায়গায় লাগানো হলেও গাছগুলোর মালিক বন বিভাগ। ফরিদপুরে বন বিভাগের নিজস্ব জায়গা নেই। তারা সড়ক বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গায় গাছ লাগায়। একটা সময় পর সেগুলো কাটা হয়। বিক্রির টাকা জায়গার মালিক, উপকারভোগী, ইউনিয়ন পরিষদ ও বন বিভাগ ভাগ করে নেয়।
সে হিসাবে গত ২০ এপ্রিল বন বিভাগ ওই গাছগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। এর মাধ্যমে ১৫০টি প্রতিষ্ঠানের কাছে (১৫০ লট) সেগুলো বিক্রি করে দেওয়া হয়। এর মধ্যে ৭৭ লট বিক্রি হয়েছে ৬০ লাখ টাকায়। অনুমতি পাওয়ার পর এই ৭৭ লটের গাছ গত ২৭ এপ্রিল থেকে কাটা শুরুও হয়। কিন্তু ৩ মে সড়ক বিভাগ ‘প্রচলিত নিয়ম অনুসরণ না করে অবৈধভাবে’ সওজের মালিকানাধীন গাছ বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর কাছে একটি চিঠি দেয়। এতে গাছ কাটা বন্ধ করার আবেদন জানানো হয়।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘গাছগুলোর মালিক সড়ক বিভাগ। অথচ বন বিভাগ দরপত্র আহ্বান করে সেগুলো বিক্রি করে দিয়েছে। এ ব্যাপারে আমরা আপত্তি দেওয়ার পর জেলা প্রশাসক একটি কমিটি গঠন করে দিয়েছেন।’
জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) এরাদুল হক। জানতে চাইলে এরাদুল বলেন, ‘সড়ক ও বন বিভাগের দুই কর্মকর্তাকে নিয়ে গত বৃহস্পতিবার (১৯ মে) একটি সভা করেছি। তাঁদের এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেছি। কাগজপত্র পর্যালোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
সড়ক বিভাগের আপত্তির কারণে গত বুধবার থেকে গাছ কাটা বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুর রহমান মিয়া।