১৯৫ কেজি গাঁজা উদ্ধার
নেত্রকোনা সদর সার্কেল ও মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯৫ কেজি গাঁজাসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। আজ শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদরের দরিজাগি গ্রামের খোকন মিয়া (৩০), বাইশধার গ্রামের বাসিন্দা মো. এরশাদ মিয়া (৩২), পূর্বধলা উপজেলার মানিকদী গ্রামের খোরশেদ আলম (২৮), নোয়াখালীর সুধারাম উপজেলার বিনোদপুর গ্রামের ট্রাকচালক আক্কাছ মিয়া (৫২) ও লানানগর গ্রামের ট্রাকচালকের সহযোগী আবদুল কাদের (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, খোকন মিয়া ও এরশাদ মিয়া বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে ১০৫ কেজি গাঁজা কেনেন। ওই গাঁজা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গাঁজা ব্যবসায়ী দুলাল মিয়ার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। ছোট ছোট প্যাকেটে করে ট্রাকের নিচে চাকার ওপরে কাঠের পাটাতন বিছিয়ে বিশেষ কায়দায় গাঁজা রাখা ছিল। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার সাকুয়া বাজারে পুলিশ ট্রাকসহ তাঁদের আটক করে। ট্রাক থেকে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোনা জেলা শহরের সাতপাই নদীপাড় এলাকার তরিকুল ইসলামের ভাড়া দেওয়া বাসা থেকে ৯০ কেজি গাঁজাসহ খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, খোরশেদ আলমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শশীদল থেকে গাঁজা এনে বিক্রির উদ্দেশ্যে বাসায় মজুত করে রেখেছিলেন।
ওসি জানান, দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে তাঁদের প্রত্যেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার ঝাউসী এলাকা থেকে ৮০ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে তাঁদের নামে মামলা করে ওই দিন বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।