২ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ৪০ জন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ও ইমিটেশন গয়না জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ৭৭টি ব্যাগে রাখা এসব পণ্য জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। আজ বুধবার সকালে এসব পণ্য যাচাই করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, জব্দ হওয়া পণ্যের মূল্য দুই কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় ক্যান্টনমেন্ট রেলস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ডিউটি স্টেশনমাস্টারের কক্ষ, রিলে কক্ষ ও গুডস রুম থেকে ৪৭টি ব্যাগ ও প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের কাছ থেকে ৩০টি ব্যাগ পাওয়া যায়। এসব ব্যাগের ভেতর এক হাজার থ্রি পিস, ৬১৮টি শাড়ি, ১১৭টি পাঞ্জাবি ও ১৪০ কেজি ইমিটেশন জুয়েলারি পাওয়া যায়। দুর্গাপূজা উপলক্ষে মৈত্রী এক্সপ্রেসের ৪০ জন যাত্রী ভারত থেকে এসব পণ্য এ দেশে নিয়ে আসেন। তাঁদের মধ্যে ১৭ জন ভারতের নাগরিক। জব্দ করার পর পণ্যগুলো ক্যান্টনমেন্ট স্টেশনমাস্টারের কক্ষে সিলগালা করে রাখা হয়। আজ বেলা ১১টার দিকে এসব ব্যাগ খোলা করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শরীফ আল হাসান প্রথম আলোকে বলেন, জব্দ হওয়া শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ও ইমিটেশন জুয়েলারি শুল্ক গুদামে রাখা হয়েছে। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। যাঁরা এগুলো এনেছেন, তাঁদের জরিমানা করা হয়েছে। শুল্ক ও জরিমানা প্রদানের পর শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ও ইমিটেশন জুয়েলারি পণ্য ছেড়ে দেওয়া হবে। জরিমানা ও শুল্ক না পেলে এই পণ্যসামগ্রী নিলাম করা হবে।