ভুয়া সুইফট মেসেজ ব্যবহার করে অগ্রণী ব্যাংক থেকে ৩ কোটি ৩০ লাখ ইউরো অর্থাৎ ২৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন সংস্থার উপসহকারী পরিচালক মো. সাইদুজ্জামান। সাইদুজ্জামান প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামি করা হয়েছে জনৈক লুৎফর রহমান ও আবুল কালাম আজাদ নামের দুই ব্যক্তিকে।
মামলার এজাহারে বলা হয়েছে, সুইস ব্যাংকের ব্যবস্থাপকের জাল চিঠি ও দ্রুত বার্তার (সুইফট মেসেজ) জাল কপি দেখিয়ে রাজধানীর অগ্রণী ব্যাংকের আমিন কোর্ট শাখা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারক চক্র। বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে ঘটনাটি অনুসন্ধানের জন্য ২০১৪ সালের আগস্ট মাসে দুদকে পাঠানো হয়। দুদক বিষয়টি যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
অনুসন্ধান সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরের একটি হোমিও ক্লিনিকের ঠিকানা ব্যবহার করে জনৈক লুৎফর রহমান অগ্রণী ব্যাংকে একটি হিসাব খোলেন। হিসাব খোলার সময় তাঁর শনাক্তকারী ছিলেন মুন্সিগঞ্জের লৌহজং এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ। লুৎফর রহমান তাঁর ওই হিসাবে সন্দেহজনক লেনদেনের চেষ্টা করেছেন। ২০১৪ সালের ২৭ আগস্ট তিনি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাকযোগে চিঠি পাঠিয়ে রেমিট্যান্সের টাকা উত্তোলনের বিষয়ে জানান। ওই চিঠির সঙ্গে লুৎফর রহমান সুইস ব্যাংকের ব্যবস্থাপক ‘মার্টিন ডি স্যা পিন্টোর’ স্বাক্ষরসংবলিত একটি চিঠির কপি ও সুইফট মেসেজের কপি সংযুক্ত করেন। ওই চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ১৬ ডিসেম্বর সুইস ব্যাংকের পত্রের মাধ্যমে ৩০ লাখ ইউরো এবং ২০১৪ সালের ১২ মার্চ সুইস ব্যাংকের আরও একটি চিঠিতে ৩ কোটি ইউরো তাঁর হিসাবে রেমিট্যান্স হিসেবে এসেছে।
অনুসন্ধানে ওই সব চিঠি জাল প্রমাণিত হওয়া এবং ব্যাংক হিসাবে মিথ্যা তথ্য দেওয়াসহ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টার বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা মো. সাইদুজ্জামান মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন।