২ ডাকাত গুলিবিদ্ধ, আহত এক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। ডাকাত দলের গাড়িচাপায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই ডাকাত মো. মানিক ও মো. শাহজাহান এবং আহত নগর গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কান্তি দত্তকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ডিবি পুলিশের একটি দল মধ্যম মোহরা এলাকায় টহল দেওয়ার সময় তল্লাশি চালানোর জন্য একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়। এ সময় গাড়ি থেকে পুলিশ সদস্যদের লক্ষ্যে করে গুলি ছোড়া হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে প্রাইভেট কারটি পুলিশ সদস্যদের ওপর তুলে দেওয়ার চেষ্টা করলে এএসআই রতন গুরুতর আহত হন। পরে গুলি ছুড়তে ছুড়তে গাড়ি থেকে নেমে চার ডাকাত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে পুলিশ আটক করে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, একটি কাটারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক প্রিটন সরকার গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, গাড়িতে থাকা ডাকাতেরা তাদের গুলি করে। পরে গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা করে। তাঁর দাবি, নিজেদের গুলিতে ডাকাতেরা গুলিবিদ্ধ হয়।