প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সারা দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এ অভিযানও এরই অংশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৩৪৯ পিচ ইয়াবা বড়ি, ৯০৪ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, ১২ বোতল ফেনসিডিল, ৮ বোতল বিদেশি মদ ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা করা হয়েছে।