ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের সময় সেখানে চিকিৎসাধীন ছিলেন ছয় রোগী। আগুনে কেউ দগ্ধ না হলেও তাঁদের মধ্যে চারজন মারা গেছেন গত দুদিনে।
মারা যাওয়া রোগীর স্বজনদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পর রোগীদের আইসিইউ থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এরপর তাঁরা আগের মতো চিকিৎসাসেবা পাচ্ছিলেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মারা যাওয়া রোগীদের জীবন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়ই সংকটাপন্ন ছিল। অগ্নিকাণ্ডের পর তাঁদের চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি।
চারজনের মধ্যে হেলাল উদ্দিন (৫০) গত মঙ্গলবার বিকেলে, সুরুজ মিয়া (৪০) গত বুধবার সকালে ও রাতে হাবিবুর রহমান (৩৬) এবং গতকাল বৃহস্পতিবার ভোরে সখিনা (২০) মারা যান।
ময়মনসিংহ মেডিকেলের আইসিইউ-সংলগ্ন একটি কক্ষে ওই বিভাগের প্রয়োজনীয় মূল্যবান চিকিৎসা সরঞ্জাম রাখা হতো। গত মঙ্গলবার সকালে ওই কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে মোট ছয়জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের একই ভবনের সিসিইউতে স্থানান্তর করেন।
বুধবার রাতে মারা যাওয়া রোগী হাবিবুর রহমানের ভাই রহুল আমিন অভিযোগ করেন, আগুন নেভানোর পর রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও সিসিইউতে আইসিইউয়ের মতো ভালো চিকিৎসা হয়নি। গতকাল মারা যাওয়া সখিনার স্বামী সোহেল মিয়াও অভিযোগ করেন, আগুন লাগার পর রোগীর ভালো চিকিৎসা হয়নি।
তবে আইসিইউয়ের প্রধান চিকিৎসক আ ন ম ফজলুল হক পাঠান বলেন, আইসিইউ থেকে স্থানান্তরের কারণে রোগীদের চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি। ভর্তি ছয়জন রোগীর অবস্থাই সংকটাপন্ন ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. আব্দুল গনিকে প্রধান করে মঙ্গলবার সাত সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল দুপুর পর্যন্ত তদন্ত কমিটি আগুন লাগার কারণ ও পুড়ে চিকিৎসা সরঞ্জামের সংখ্যা এবং আর্থিক মূল্য নিরূপণ করতে পারেনি। তদন্ত কমিটির প্রধান আব্দুল গনি বলেন, ‘আমরা তদন্তকাজ করে যাচ্ছি। আমাদের হাতে আরও এক দিন সময় আছে। এরপর মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভবনের পঞ্চম তলায় আইসিইউ অবস্থিত। সেখানে হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে আগুন নেভানোর প্রশিক্ষিত লোক না থাকায় তা কাজে লাগানো সম্ভব হয়নি।