২ বছর পর ফিরল পাচারের শিকার আট কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ভারতে পাচারের শিকার আট কিশোর গত মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছে। যশোরের বেনাপোল তল্লাশিচৌকি হয়ে তাদের দেশে ফিরিয়ে আনার পর রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা আট কিশোরের বাড়ি খুলনা ও সাতক্ষীরায়। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

জানতে চাইলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি যশোরের সমন্বয়কারী নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালেরা এসব কিশোরকে ভারতে নিয়ে যায়। পরে তাদের বিপদে ফেলে চলে যায় তারা।

মহিলা আইনজীবী সমিতি ও মানবাধিকার সংগঠন রাইটস যশোর এই আট কিশোরকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। এ কাজে সহযোগিতা করেছে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সমিতি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ওই আটজন দালাল চক্রের মাধ্যমে ভারতে যায়। কিন্তু চক্রটি তাদের কাজ দেওয়ার পরিবর্তে উল্টো বিপদে ফেল দেয়। একপর্যায়ে ওই কিশোরেরা সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদের আদালতে পাঠায়। আদালত থেকে তারা কলকাতার ‘ধ্রুবাশ্রম’ নামে একটি বেসরকারি সংস্থার জিম্মায় যায়। সংস্থাটি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে এদের নাম-ঠিকানা জোগাড় করে যাচাই-বাছাই করে। এরপরই স্বদেশে ফেরত আসতে সক্ষম হলো ওই কিশোরেরা।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ওই আট কিশোর বেনাপোল তল্লাশিচৌকি হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ। পরে তারা ওই কিশোরদের বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাদের মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের কর্মকর্তাদের জিম্মায় দেয়। তাঁরা যশোরে নিয়ে গিয়ে রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন।