২ বিচারক, ৪ পুরোহিত ও সেবায়েতকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে জেলা ও দায়রা জজ আদালতের দুই বিচারক এবং রংপুর ও পিরোজপুরের তিনটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এ ছাড়া পটুয়াখালীর বাউফল পৌর এলাকার বিশ্বকল্যাণ গীতা আশ্রমের সেবায়েতকে সরাসরি মন্দিরে এসে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার বিষয়ে থানায় জিডি করা হয়েছে। ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আবদুর রহিম ও জেলার মুখ্য বিচারিক হাকিম মোছা. ইসমত আরাকে হত্যার হুমকি দিয়ে ১৪ জুলাই চিঠি পাঠিয়েছে জেএমবি। গতকাল সোমবার বিষয়টি জনসমক্ষে আসে।
থানা-পুলিশ ও চিঠি সূত্রে জানা গেছে, বিচারক মো. আবদুর রহিমের ঠিকানায় ডাকযোগে চিঠিটি আসে। প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে মো. নুরনবী মণ্ডল, আরাফাত নগর, জয়পুরহাট। খামের সিলমোহরটি অস্পষ্ট থাকায় চিঠিটি কোথা থেকে পোস্ট করা হয়েছে, বোঝা যায়নি।
চিঠিতে জয়পুরহাট জেলখানায় আটক থাকা জেএমবির ৩০-৩৫ জন সদস্যকে জামিন দিয়ে বিচারককে অন্যত্র বদলি হয়ে চলে যেতে বলা হয়েছে, অন্যথায় ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
চিঠি পাওয়ার দিনই বিচারক মো. আবদুর রহিম জয়পুরহাট সদর থানায় জেলা জজ আদালত এবং বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা চেয়ে জিডি করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
রংপুর শহরের কলেজ রোডে গতকাল আনন্দময়ী সেবা আশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে (৬৫) হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন। তিনি বলেন, সকাল সোয়া আটটার দিকে আশ্রমে গিয়ে মেঝেতে একটি হলুদ খাম পড়ে থাকতে দেখেন। পরে সেটি খুলে দেখেন তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
কোতয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পিরোজপুর শহরের কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দির ও পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিতদের হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দিরের পুরোহিত সলিল মুখার্জি বলেন, গতকাল সকালে মন্দিরের সিঁড়ির ওপর একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা রয়েছে, ‘পিরোজপুরের সমস্ত মন্দিরের পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য। সকল হিন্দু ধর্মের নেতা, চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদের একে একে হত্যা করা হবে। পুলিশ, র্যা ব ও আইন শৃঙ্খলা বাহিনী কেউ এই হামলা ও মৃত্যু ঠেকাতে পারবে না।’
পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিত রুহিত দাস পাল জানান, গত রোববার তিনি হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পেয়েছেন।
পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।’
এদিকে পটুয়াখালীর বাউফল পৌর এলাকার বিশ্বকল্যাণ গীতা আশ্রমের সেবায়েত পরিতোষ চন্দ্র সাহা অভিযোগ করেছেন, গতকাল এক দুর্বৃত্ত তাঁকে হত্যার হুমকি দিয়েছে।