২ সাংবাদিককে হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা রাজিব আহমেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ওই দুই সাংবাদিক নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আশুলিয়া থানায় রাজিবের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোর্শেদ আলী মোল্লা বলেন, আজ দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাইফ উদ্দিন আবির এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম হিমেল নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জিডি করেছেন।

দুই সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক মানবকণ্ঠের শেষ পাতায় ‘জাবিতে ছাত্রলীগের মিছিলে না যাওয়ায় অর্ধশত শিক্ষার্থীর মানবেতর জীবন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজিব মোবাইলে আবিরকে হুমকি দেন ও ভয়ভীতি প্রদর্শন করেন। এর পর গত ১২ মার্চ অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোরে ‘ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রলীগের বাস ভাঙচুর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে রাজিব মোবাইলে নুর আলমকেও হুমকি দেন।

এ বিষয়ে রাজিব আহমেদ বলেন, সংবাদে তথ্যের বিভ্রান্তির বিষয়ে তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু এটাকে হুমকি মনে করা তাঁর জন্য বিব্রতকর।