২০ কোটি টাকার সম্পত্তির ভুয়া দলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াত চক্রের সঙ্গে যোগসাজশ করে ২০ কোটি টাকার সম্পত্তির ভুয়া দলিল নিবন্ধন করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে।
এদিকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে অহিদুল ইসলাম ওই কার্যালয়ের তিনজন কর্মচারীকে (নকলকারক) সাময়িক বহিষ্কার করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরান ঢাকার ব্যবসায়ী বাদশা মিয়া সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিপুল পরিমাণ সম্পত্তি কেনেন। ২০১৩ সালের ২০ মে বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে তিনি ১৮ শতাংশ জমি আমমোক্তারনামা দলিলের মাধ্যমে নিবন্ধন করিয়ে দেন নয়াপুর এলাকার বাসিন্দা বশির উল্লাহকে।
বশির উল্লাহ ওই সম্পত্তির কিছু অংশ এরই মধ্যে বিক্রি করে দেন। গত মাসে ব্যবসায়ী বাদশা মিয়া ১৮ শতাংশ জমির ওই আমমোক্তারনামা দলিলের নকল কপি তুলে দেখতে পান, তা ভুয়া। ওই দলিলের গ্রহীতা বশির উল্লাহর নামের সঙ্গে আরও তিন ব্যক্তির নাম রয়েছে এবং দলিলে ১৮ শতাংশের পরিবর্তে ৫৫০ শতাংশ বা ১৭ বিঘা ২০ শতাংশ লেখা হয়েছে। ওই সম্পত্তির মূল্য প্রায় ২০ কোটি টাকা।
দলিল নিবন্ধনের বিষয়ে বাদশা মিয়া কৈফিয়ত চান অহিদুল ইসলামের কাছে। অহিদুল ইসলাম ওই ভুয়া জাল দলিল নিবন্ধন করার সঙ্গে জড়িত নন বলে জানান। দলিলে তাঁর স্বাক্ষর এল কীভাবে, তা জানতে চাইলে বিষয়টি নিয়ে অহিদুল ইসলাম বাড়াবাড়ি না করার অনুরোধ করেন।
বাদশা মিয়া প্রথম আলোকে বলেন, ‘ভুয়া জাল দলিল করে আমার ২০ কোটি টাকার সম্পত্তি জালিয়াত চক্রের এক সদস্য মাহমুদা বেগম বিক্রি করতে এসেছিলেন। তখন সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কয়েকজন দলিল লেখক মাহমুদাকে আটক করেন। পরে ওই নারীকে সাব-রেজিস্ট্রার অহিদুল ইসলামের কাছে নেওয়া হয়। কিন্তু অহিদুল সব তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ওই নারীকে ছেড়ে দেন।’
এদিকে বাদশা মিয়া অভিযোগ করার পর নিজের জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে অহিদুল কার্যালয়ের নকলকারক তিন কর্মচারী মোস্তফা মিয়া, তাছলিমা আক্তার ও নাসিমা আক্তারকে সাময়িক বরখাস্ত করেন।
তবে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাব-রেজিস্ট্রার বলেন, ‘দলিল জালিয়াতির সঙ্গে আমি জড়িত নই। আমার অফিসের একটি চক্র একজন দলিল লেখকের মাধ্যমে এ ঘটনা ঘটিয়েছে। জালিয়াতি করা ভুয়া দলিলে আমার স্বাক্ষর রয়েছে, এ কথা সত্য। আমার অজান্তে আমার স্বাক্ষর নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’