২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৭

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটকের দাবি করেছে র্যাব-৭। আজ বৃহস্পতিবার ভোররাতে এমটি হেনা নামের একটি শিপিং ট্রলার থেকে এগুলো জব্দ করা হয়। র্যাবের ভাষ্য, ইয়াবার দাম প্রায় ২০ কোটি টাকা। তাঁদের দাবি, এটি চট্টগ্রামে এ পর্যন্ত আটক হওয়া সবচেয়ে বড় চালান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. হান্নান, লোকমান, রাসেল, ইলিয়াস, ওলিউল্লাহ, রিয়াদ ও ওসমান।
সকাল ১০টার দিকে নগরের পতেঙ্গায় এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়। র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমেদের ভাষ্য, আটক ব্যক্তিরা ট্রলারের মাঝিমাল্লা। তাঁরা ইয়াবা বহন করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের ভাষ্য, মিয়ানমার থেকে এসব ইয়াবা আসে। সেন্টমার্টিন থেকে সেগুলো ট্রলারে করে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে র্যাবের হাতে তা ধরা পড়ে।