২০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন ২০ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। একই সঙ্গে একটি আইসক্রিম কারখানা সিলগালা ও বিভিন্ন দোকান থেকে জরিমানা আদায় করেছে। উপজেলার নোয়াজিশপুর ইউনয়নের নতুনহাট ও পার্শ্ববর্তী এলাকায় গত মঙ্গলবার ও আজ বুধবার টানা দুই দিন এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসেন এ অভিযান চালান। এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ ও নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসেন আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারেরা দীর্ঘ সময় ধরে সরকারি জায়গায় দোকান, মার্কেট, করাতকলসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে ভাড়ায় খাটাচ্ছিল। তাদের উচ্ছেদ করা হয়। অভিযানে ২০ কোটি টাকার খাসজমি উদ্ধার করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানা সিলগালা করা হয়েছে।