পেট্রলবোমায় ২১ জন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও লাগাতার অবরোধে যানবাহনে পেট্রলবোমা হামলা ও আগুন দেওয়া থেকে থামছেই না দুর্বৃত্তরা। গতকাল বুধবার কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, দিনাজপুর ও পঞ্চগড়ে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ২১ জন দগ্ধ ও সাতজন আহত হয়েছেন।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে গানপাউডার ও পেট্রল দিয়ে একসঙ্গে নয়টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে মাত্র দুই দিনে জেলায় ১৬টি গাড়িতে আগুন দেওয়া হলো। জয়পুরহাটে বাস-ট্রাক পোড়ানোর প্রতিবাদে সমাবেশ চলার মধ্যেই বাসে আগুন দেওয়া হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ৫৮তম দিন ছিল গতকাল বুধবার। এদিন ২০ জেলার অন্তত ২৩টি স্থানে নাশকতা-সহিংসতার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ২৫টি গাড়িতে। ভাঙচুর করা হয়েছে একটি। রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ২৫ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ কর্মসূচি। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৪ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে মোট ৬৯৫টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬১৯টি।
ঢাকায় চার গাড়িতে আগুন: রাজধানীতে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ধ্যা পৌনে সাতটার দিকে জুরাইনে যাত্রীবাহী বাস, সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও একই সময় সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সামনে গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এ ছাড়া আগের দিন রাতে কেরানীগঞ্জে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে গত রাত আটটার দিকে নিউমার্কেট ফুটওভার ব্রিজের নিচে ককটেলের বিস্ফোরণে বৃদ্ধ দিনমজুর আবদুল বারেক ও সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এনায়েত হোসেন আহত হন।
বিভিন্ন স্থানে আরও দগ্ধ: কুমিল্লার দেবীদ্বারে ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক মনির হোসেন ও তাঁর সহকারী জজ মিয়া দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে আটটায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের দেবীদ্বারের ইউসুফপুর এলাকায় এ হামলা চালানো হয়। হামলার পর ট্রাকটিতে আগুন ধরে তা খাদে পড়ে যায়। জজ মিয়ার প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে।
একই রাতে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দর নামক স্থানে পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক মো. জমির উদ্দিন ও সহকারী স্বপন কুমার দগ্ধ হন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা তরিকউল্লা বীর বিক্রম স্টেডিয়ামের সামনে ভোরে ট্রাকে পেট্রলবোমা ছোড়া হয়েছে। এতে তিনজন দগ্ধ হন।
ভূমি অফিসে আগুন: লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর চারটার দিকে এ ঘটনায় বেশ কিছু নথি ও আসবাব পুড়ে গেছে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একসঙ্গে নয় ট্রাকে আগুন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের কাছে কয়লাবাড়ী ট্রাকস্ট্যান্ডে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নয়টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মুখোশধারী ৩৫ থেকে ৪০ জন দুর্বৃত্ত ট্রাকস্ট্যান্ডে প্রথমে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে চালকদের মারধর করে টাকা ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নিয়ে গানপাউডার এবং পেট্রল দিয়ে ট্রাকগুলোতে আগুন দেয় তারা।
অর্ধশত বোমা উদ্ধার: নওগাঁ শহরের তাজের মোড় এলাকা থেকে মঙ্গলবার রাতে ২৮টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী নগরের খড়খড়ি এলাকা থেকে গতকাল ভোরে ১৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যা ব। এ ছাড়া চট্টগ্রামে গতকাল রাতে ঢাকাগামী যাত্রীবাহী চট্টগ্রাম মেইল ট্রেন থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করেছে বিজিবি।
পেট্রলপাম্পে ককটেল হামলা: সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় ‘বেঙ্গল গ্যাসোলিন’ নামের একটি পেট্রলপাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে সকালে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকার বাইরের আরও চিত্র: জয়পুরহাটে যানবাহন পোড়ানোর প্রতিবাদে জেলা বাস মালিক ও শ্রমিকদের সমাবেশ চলার মধ্যেই কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে দুপুরে সমাবেশ শুরুর ঘণ্টা খানেকের মধ্যে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া আক্কেলপুরে মঙ্গলবার রাতে টায়ার ফুটো করার ‘ফাঁদ’ পেতে সড়কে আলুবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের জুড়ীর ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী দ্রুত সেখানে রাখা ১০-১৫টি বাস ঠেলে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলেন।
পঞ্চগড়ের বোদা উপজেলার বগদুরঝুলা বাজারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে বিআরটিসির যাত্রীবাহী বাস এবং একটি ট্রাক। ভোররাত সাড়ে তিনটার দিকে ধানহাটি মাঠে পার্কিং করা গাড়ি দুটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় গাড়িতে ঘুমিয়ে থাকা ট্রাকচালক সুমন, ট্রাকমালিক শওকত আলী, বাসচালক আল-আমিন ও তাঁর সহকারী লালন তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হন।
নোয়াখালী শহরের সোনাপুর বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে শৌখিন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মাইজদী বাজার এলাকায় গতকাল রাতে একটি ট্রাক ভাঙচুরের সময় চালক জসিম উদ্দিন ও সহকারী আবুবকর গুরুতর আহত হন।
রংপুর শহরের গুপ্তপাড়ায় গত রাতে পার্কিং করা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনীর দাগনভূঞায় ভোরে একটি বাসেও পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে।