২০ জেলায় আটক প্রায় ২০০
সারা দেশে ধরপাকড় অব্যাহত আছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭২ ঘণ্টা হরতালের পর নতুন করে ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন ছিল গতকাল বুধবার। গতকাল ও মঙ্গলবার রাতে দেশের ২০ জেলা থেকে ১৯৩ জনকে আটকের খবর পাওয়া গেছে। প্রথম আলোর প্রতিনিধিরা এসব খবর পাঠিয়েছেন।
রাজধানীতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশ ১৭ জনকে আটক করেছে। ময়মনসিংহের মুক্তাগাছায় গাড়ি ও বাসে আগুন দেওয়ার ঘটনায় উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. শামীম ও বিএনপির কর্মী মোখলেছুর রহমানকে গতকাল দুপুরে উপজেলার চেচুয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান আটক হয়েছেন। গতকাল বিকেল সাড়ে চারটায় নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে শাহ পরান থানার পুলিশ হাবিবকে আটক করে।
বগুড়ার শেরপুরে মহাসড়কে নাশকতার মামলায় স্থানীয় জামায়াতের রাজনৈতিক সেক্রেটারিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রল্লাদ সরকারসহ বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খন্দকার মনিরুল আজম ওরফে মুন্নুকে (৪৫) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও আইনজীবী কামাল উদ্দিনকে মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ আটক করেছে। এ সময় তাঁর কাছ থেকে কিছু জাল টাকা, ফেনসিডিল ও একটি ওয়াকিটকি উদ্ধারের দাবি করেছে পুলিশ।
কুমিল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র, পেট্রলবোমাসহ চার কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার গভীর রাতে রাস্তায় ত্রিফলা ফেলে ফুলকপিবোঝাই একটি ট্রাক আটক করে পেট্রলবোমা মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই রাতেই ফজলুর রহমান (৫০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পোস্ট অফিসের মোড়ে পার্কিং করা একটি মাইক্রোবাসে পেট্রল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদসংলগ্ন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে একটি টেম্পোতে অগ্নিসংযোগের ঘটনায় খাইরুল ইসলাম নামে উপজেলা ছাত্রদলের এক সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ভোররাতে একটি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ বাকিলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের (৫৫) ও বাকিলা বাজারের দোকানি আবদুল হানিফকে (২৮) গ্রেপ্তার করেছে।
কুষ্টিয়ার খোকসায় নাশকতার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জে হরতাল চলাকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা যুবদলের সহসভাপতি মো. রবিউল ইসলামসহ (৩৮) ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার সাতটি উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির আটজন, জামায়াতের একজনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।