২০ জেলায় গ্রেপ্তার ২৪১
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে গতকাল রোববার শুরু হওয়া ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন এবং এর আগের রাতে ২০ জেলা থেকে ২৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম। গতকাল বেলা দুইটার দিকে জেলগেটের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে ৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সকালে রাজশাহী নগরের ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন দেওয়ার চেষ্টায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। পৃথক অভিযানে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ আটক করা হয় আরও ৪৭ জনকে।
কুমিল্লা শহরতলির দৌলতপুর ছায়াবিতান এলাকার এফ রহমান হাউসের মেস থেকে সরঞ্জামসহ চার শিবির কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা ওই সময় নাশকতা ও ধ্বংসাত্মক কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ধ্বংসাত্মক কাজের সরঞ্জামসহ গত শনিবার রাত ৩টা ৩০ মিনিটে তাঁদের আটক করা হয়।
সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে জামায়াতের ১০ জন ও বিএনপির দুই কর্মী রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে শিশুসহ ছয়জনকে পুড়িয়ে মারার অভিযোগে গতকাল পর্যন্ত পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন জামায়াতের আমির আবদুর রহমানকে (৫৫) শনিবার রাতে ছয়ানী বাজার থেকে আটক করেছে পুলিশ। একই রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ২৭ জন নেতা-কর্মীকে আটক করা হয়। এর মধ্যে ২৬ জন বিএনপির ও একজন জামায়াতের। আটক নেতা-কর্মীদের গতকাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের বিভিন্ন গ্রামে শনিবার রাতে অভিযান চালিয়ে দুজন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের টঙ্গী থানার হোসেন মার্কেট ও সাতাইশ এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে দুই শিবির কর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়।
রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর এলাকায় দুটি ট্রাকে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমির আবদুর রউফ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সম্পাদক শাহাবুল আলম কাজল, পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম, শিবিরের নেতা ও একই উপজেলার একবারপুর গ্রামের আশেক এলাহী রোমান, পাহাড়পুর গ্রামের জামায়াতের কর্মী আবদুল কুদ্দুস এবং একজন অজ্ঞাতনামা জামায়াত কর্মী।
বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার চারমাথা এলাকায় ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক-সহকারী অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এ ছাড়া আরও পাঁচ জেলা থেকে ১১ জনকে আটকের খবর পাওয়া গেছে।