২০ জেলেসহ শ্রীলঙ্কার চারটি ট্রলার আটক
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের জলসীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় শ্রীলঙ্কার ২০ মাঝিমাল্লাসহ চারটি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর।
নৌবাহিনী সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে চারটি ফিশিং ট্রলার দেখতে পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ বিএন আবু বক্করের অধিনায়ক ক্যাপ্টেন এ এস এম আবজারুল হকের নেতৃত্বে ওই চারটি ট্রলারকে থামানোর সংকেত দেওয়া হলে তারা অম্যান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। ওই ট্রলারগুলোতে ২০ জন মাঝিমাল্লা, জাল, মাছ ও বিভিন্ন প্রকারের মালামাল জব্দ করে গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন জেটিতে নিয়ে আসে। পরে তাদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে।
নৌবাহিনীর জাহাজ আবু বক্করের অপারেশন কর্মকর্তা লে. মো. আকতার হোসেন বলেন, আটক শ্রীলঙ্কার ২০ জন মাঝিমাল্লাসহ চারটি ফিশিং ট্রলার টেকনাফে নিয়ে আসতে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম নৌবাহিনীর নৌঘাঁটি থেকে ১৭৫ নটিকেল মাইল দূরত্ব। তাই আটক করা ট্রলারগুলোর গতি কম হওয়ায় তিন দিন সময় লেগেছে।