২০ দিন পর অপহৃত শিশু উদ্ধার, ছয় অপহরণকারী গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকা থেকে অপহৃত চার বছরের শিশু সিফাতকে ২০ দিন পর শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ হিসেবে ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করেছিল অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
অপহৃত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি দক্ষিণ মান্দাইল এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছোট ছেলে
সিফাত নিখোঁজ হয়। ছেলেকে না পেয়ে জামাল উদ্দিন পরদিন কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১৬ জানুয়ারি তাঁর কাছে মুঠোফোনে ১ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণের বিষয়টি জানানো হয়। তিনি বিষয়টি পুলিশকে জানান। অপহরণকারীদের মুঠোফোন নম্বরটি ট্র্যাকিং করে থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার তদন্ত শুরু করেন। এর মধ্যে অপহৃত শিশুর পরিবার তিন দফায় অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ছেলের মুক্তিপণ বাবদ ৪৫ হাজার টাকা পাঠিয়ে দেয়। গত বুধবার সকালে অপহরণকারীরা বাকি টাকা দাবি করে। টাকা না পাঠালে সিফাতকে হত্যার হুমকি দেয়।
বিষয়টি পুলিশকে জানালে বুধবার বিকেলে অপহরণকারীদের মুঠোফোনের নম্বর ট্র্যাকিং করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ডলি বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তিমতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ শরীয়তপুরের নড়িয়ার আনাখণ্ড গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের নুরু শেখের বাড়ি থেকে অপহৃত শিশু সিফাতকে উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত মূল অপহরণকারী আলমগীর ইসলাম ওরফে রাজু শেখ (৩৭), তাঁর স্ত্রী আসমা বেগম (৩০), জাকির শেখ (২৭), আওলাদ শেখ (২৫) ও ইমরান শেখ (২২) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ অভিযান চালায়। অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণের মূল পরিকল্পনাকারী আলমগীরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।