২০ দিনেও অপহৃত তরুণ উদ্ধার হয়নি
গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুর গ্রামের শরীফ আল কামাল (২৭) নামের এক তরুণকে অপহরণের ২০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি অপহরণ মামলা হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, প্রায় চার বছর আগে ওই গ্রামের আবদুল হামিদের ছেলে শরিফ আল কামালের সঙ্গে প্রতিবেশী রওশন আরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা পালিয়ে বিয়ে করেন। কিন্তু রওশন আরার পরিবার এ বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর থেকে তাঁরা পলাশবাড়ীর গৃধারীপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় চার মাস আগে সাংসারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এতে অভিমান করে রওশন আরা তাঁর বাবার বাড়ি নশরৎপুর গ্রামে চলে যান। পরে পলাশবাড়ীর ভাড়া বাড়িতে ফিরে আসেননি। ১ ফেব্রুয়ারি বিকেলে শরীফ আল কামাল ভাড়া বাড়ি থেকে কালীবাড়ি বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি অপহৃত কামালের বাবা হামিদ বাদী হয়ে রওশন আরাসহ আটজনকে আসামি করে পলাশবাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
হামিদ বলেন, ‘আমার ছেলেকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছে। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ তাঁকে উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।’ তিনি আরও বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে কামালকে হত্যার হুমকি দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।