২০ দোকান মালিককে সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগুনি ও পেঁয়াজুতে রং মিশিয়ে তৈরি হচ্ছিল ইফতারসামগ্রী। এ অবস্থায় হাতেনাতে ওই খাদ্য প্রস্তুতকারী কর্মচারী ও মালিককে ঘেরাও করে ফেলে সিলেট জেলা প্রশাসন পরিচালিত একটি দল। পরে ওই প্রতিষ্ঠানের মালিক ভুল স্বীকার করে আশপাশের ক্রেতা ও পথচারীদের সামনে ভবিষ্যতে এমন করবেন না বলে ঘোষণা দেন। এরপর তাঁকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ দৃশ্য গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় নগরের আম্বরখানা এলাকায় অবস্থিত ইফতারসামগ্রী বিক্রয়কারী একটি রেস্তোরাঁর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা সোয়া তিনটা থেকে প্রায় এক ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তত ২০ দোকানমালিককে সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় দোকানদারদের বলা হয়, আবার অভিযান চালিয়ে যদি একই অবস্থা দেখা যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ওই অভিযানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতেও অনুরোধ জানানো হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন, মেট্রোপলিটন চেম্বার, মহানগর পুলিশ ও বিএসটিআইর প্রতিনিধিরা। নগরের আম্বরখানা থেকে মজুমদারি এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।