২০ বিদেশিকে শনাক্ত করেছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ২০ জন বিদেশি নাগরিককে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ২০ জনের কাছে চুরির অর্থ গিয়েছিল বা যাওয়ার কথা ছিল। এঁদের বেশির ভাগই শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিক। তবে একজন করে চীন ও জাপানের নাগরিকও আছেন।
রিজার্ভ চুরির ঘটনা তদন্তে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে যাওয়া সিআইডির কর্মকর্তারা এঁদের নাম-ঠিকানা সংগ্রহ করেছেন। এরপর ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা কতটুকু বা আদৌ আছে কি না, তা খতিয়ে দেখতে ওই দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছেন। রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
রিজার্ভ চুরির ঘটনা নিয়ে ফিলিপাইনে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করা ছাড়াও দেশটির সিনেট কমিটি প্রকাশ্যে শুনানি করছে। এ শুনানিতে যাঁদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে, তাঁদের নাম বলা হয়েছে। শ্রীলঙ্কায় তদন্তে কয়েকজনের নাম এসেছে। সিআইডি এই নামগুলোই শনাক্ত করেছে কি না, তা জানা যায়নি।
এদিকে, তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাত-আটজন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা পেয়েছে সিআইডি। এ নিয়ে সিআইডির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ছাড়াও ব্যাংকের বাইরের একটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে (এজেন্ট ও ভেন্ডার) শনাক্ত করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশে যাঁরা জড়িত তাঁদের গ্রেপ্তার করা হবে কি না, জানতে চাইলে সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম প্রথম আলোকে বলেন, এখনো তদন্ত শেষ হয়নি। এই মুহূর্তে এ ব্যাপারে আর কিছু বলা যাবে না।
গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এর মধ্যে ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। ওই অর্থ ফেরত পেয়েছে বাংলাদেশ। চুরি হওয়া বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে। এ ঘটনা খতিয়ে দেখতে সিআইডির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ৬ এপ্রিল ফিলিপাইনে গিয়ে ১৪ তারিখে ফিরে আসে। অন্য আরেকটি প্রতিনিধিদল ৭ এপ্রিল গিয়ে ১৫ এপ্রিল ফিরে আসে।
ফিলিপাইনে গিয়েছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী। গতকাল তিনি নিজ কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘আমাদের চুরি যাওয়া টাকাগুলো যেসব অ্যাকাউন্টে গিয়েছিল বা যাওয়ার কথা ছিল, সেই অ্যাকাউন্টগুলোর সঙ্গে এই ২০ জন সম্পর্কিত। এর মধ্যে চারটি অ্যাকাউন্টে টাকা গিয়েছিল, বাকিগুলোতে টাকা যাওয়ার কথা ছিল বা পাঠানোর নির্দেশনা ছিল।’
আবদুল্লাহেল বাকী বলেন, ‘এই ২০ জনের মধ্যে যাঁরা শ্রীলঙ্কার, তাঁদের কারও পকেটেই কিন্তু টাকা যায়নি। ব্যাংকই টাকা ফেরত দিয়ে দিয়েছে। আর ফিলিপাইনের যাঁরা, তাঁদের মধ্যে চারজনের অ্যাকাউন্টে টাকা গেছে। বাকিদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। তাই এখনই বলার সময় আসেনি যে এঁরাই জড়িত ছিলেন।’
সফরের সফলতা সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহেল বাকী বলেন, যে নাম ও ঠিকানাগুলো পাওয়া গেছে, তাঁদের সংশ্লিষ্টতা দেখার জন্য দেশটির পুলিশকে বলা হয়েছে। তারা দেখে জানাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় চার্জশিট দেওয়া হবে। তবে চার্জশিট কতজনের নামে হবে, সেটার জন্য আরেকটু সময় লাগবে। তবে আন্তর্জাতিক বিষয় এবং অন্য দেশের নাগরিক হওয়ায় চার্জশিট দেওয়ার আগে তিনি কারও নাম বলতে চাননি।
এদিকে, গতকাল দুপুরে সিআইডির মাল্টিপারপাস হলে আরেকটি ঘটনায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং শেষে অর্থ চুরির ঘটনায় দেশের কারও সম্পৃক্ততা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, তাঁরা কিছু উপাদান পেয়েছেন। এসব উপাদান অনুযায়ী কয়েকটি ক্ষেত্রের লোকজনের গাফিলতি ছিল। অর্থ চুরির সঙ্গে তাঁরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে মো. শাহ আলম বলেন, হ্যাকিংয়ের এ ঘটনার সঙ্গে জঙ্গি অর্থায়নের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। কবে নাগাদ এই তদন্ত শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, এটা বলার সময় আসেনি।