২০ যুবকের স্বপ্ন ধূলিসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের শিক্ষিত বেকার ২০ যুবক গ্রামের পাশে একটি পুকুর ও ধানি জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন। তাঁরা স্বপ্ন দেখছিলেন মাছ চাষ করে উপার্জিত অর্থে ঘুচবে বেকারত্ব। কিন্তু তাঁদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে পুকুরের পাশে অবস্থিত একটি অটো-চালকল।
যুবকদের অভিযোগ, ওই চালকলের বিষাক্ত পানি পুকুরে গড়িয়ে পড়ে সব মাছ মরে গেছে। এ ঘটনায় যুবকেরা গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই গ্রামের বেকার যুবক জাহাঙ্গীর আলম জানান, বেকারত্ব ঘোচাতে তাঁরা ২০ জন মিলে গ্রামের পাশে দৌলতপুর দোলায় ৪০ শতকের একটি পুকুর ও এক একর ৮০ শতক ধানি জমি ছয় মাসের জন্য ২৫ হাজার টাকায় ইজারা নিয়েছিলেন। দেড় মাস আগে সেখানে ছাড়া হয় ৪০ হাজার টাকার বিভিন্ন জাতের পোনা মাছ। কিন্তু পুকুরের পাশে অবস্থিত ব্রাদার্স অটো-চালকলের বিষাক্ত পানি পুকুরে গড়িয়ে পড়ে গত তিন দিনে সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
ওই গ্রামের আরেক যুবক আতিয়ার রহমান অভিযোগ করেন, ‘অনেক কষ্টে উপার্জিত টাকায় পুকুর ও ধানি জমি লিজ নিয়ে মাছ ছেড়েছিলাম। স্বপ্ন দেখতাম ছয় মাস পর ওই মাছ দুই লাখ টাকায় বিক্রি হবে। কিন্তু মাছ মরে যাওয়ায় সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস বলেন, ‘সরেজমিনে দেখেছি, ওই পুকুর ও ধানি জমির পানি বিষাক্ত হয়ে পড়ায় মাছ মরে গেছে।’
ওই চালকলের মালিক একরামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অন্যের সুবিধার জন্য কারখানা তো বন্ধ রাখতে পারি না।’ তিনি দাবি করেন, পাট জাগ দেওয়ায় ওই পুকুরে পানি বিষাক্ত হয়েছিল।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও গোলাম মওলা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।