২০ রাউন্ড ফাঁকা গুলি
নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ২০ রাউন্ড গুলি ছুড়েছে। ওই সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে কেন্দুয়া উপজেলা চিথোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চিথোলিয়া গ্রামের বাসিন্দা ছামেদ আলীর সঙ্গে একই গ্রামের এখলাছ মিয়ার জমি, কেন্দুয়া-চিরাং সড়কের চিথোলিয়া মোড় এলাকায় রাস্তার পাশে একটি কালভার্ট ও গ্রামের বাজারের একটি দোকানঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছমেদ আলী তাঁর পক্ষে থাকা আবু তাহের ও তাঁদের লোকজন নিয়ে সম্প্রতি ওই কালভার্টটির একপাশ বন্ধ করে দেয়। এতে করে কালভার্টের অপর পাশে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ নিয়ে শনিবার সকাল পৌনে নয়টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের সামনে সংঘর্ষে জড়ানোর জন্য মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমি সংক্রান্ত বিষয় ও একটি কালভার্ট বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ছমেদ আলী ও এখলাছ মিয়ার পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।