রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ওয়াহিদা সিফাতের (২৭) ওপর বেকার স্বামীর জন্য বাবার কাছ থেকে ২০ লাখ টাকা এনে দেওয়ার চাপ ছিল। সেই টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরের রাজপাড়া থানায় দায়ের করা মামলায় এমন অভিযোগই করা হয়েছে।
ওয়াহিদার চাচা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে ওয়াহিদার স্বামী মো. আসিফসহ তিনজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন ওয়াহিদার শ্বশুর মোহাম্মদ হোসেন ওরফে রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলী।
ওয়াহিদা পাঁচ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজশাহী নগরের আইনজীবী মোহাম্মদ হোসেন ওরফে রমজানের ছেলে মোহাম্মদ আসিফকে। গত ২৯ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয় ওয়াহিদাকে। তাঁর দেড় বছরের একটি ছেলে রয়েছে। ওয়াহিদার সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর থুতনির নিচে এক ইঞ্চি পরিমাণ লালচে জখম ছিল। ময়নাতদন্ত প্রতিবেদনেও তাঁর মাথায় জখমের প্রমাণ মিলেছে।
মিজানুর রহমান খন্দকার অভিযোগ করেন, বেকার আসিফ ২০ লাখ টাকার জন্য মাঝেমধ্যে তাঁর ভাতিজিকে শারীরিকভাবে নির্যাতন ও মানসিকভাবে চাপ প্রয়োগ করতেন। ওয়াহিদার শ্বশুর-শাশুড়ি নির্যাতনের বিষয়টি জানলেও আসিফকে বাধা দিতেন না। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে পরিবারের লোকজন ঢাকা থেকে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে আসেন। এ সময় তাঁরা দেখেন, ওয়াহিদার মরদেহের মাথা ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। এ ছাড়া মাথার ডান দিকে চোখের পাশে রক্ত জমাটবাঁধা ছিল।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। এসআই শরিফুল ইসলামকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।