২০ লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন রাজশাহীর পবা উপজেলার মোল্লাপাড়া এলাকার এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা আক্তার (৫৩) ও ব্রাহ্মণবাড়িয়ার ইউনুস মিয়ার ছেলে মো. আল আমিন (৪০)।
ডিবি জানায়, বড় ধরনের মাদকের চালান আসবে—এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় আল আমিন ও ফাহিমা আক্তারের গতিবিধি সন্দেহ হলে তাঁদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ঢাকা থেকে হেরোইনের চালানটি পাঁচদোনায় হাতবদল করার জন্য আনা হয়েছিল। উদ্ধার করা ৩০০ গ্রাম হেরোইনের দাম প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।