২০ লাখ টাকায় দফারফার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে জালিয়াতির বিষয়টি ২০ লাখ টাকায় দফারফার চেষ্টা চলছে। এ ছাড়া বর্তমান উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়োগপ্রক্রিয়ার কাগজপত্রে স্বাক্ষর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি শাহ আলমগীর হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
শাহ আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, ‘নিয়োগকালে নবাবগঞ্জ উপজেলায় দায়িত্বরত ও বর্তমানে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা ও শিক্ষকের মাধ্যমে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের কাগজপত্রে আগের তারিখে স্বাক্ষরের জন্য আমাকে ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।’
এ বিষয়ে কথা বলতে গত সোমবার হিটলারুজ্জামানের মুঠোফোনে ১০-১২ বার ফোন করলেও তিনি ধরেননি। এ ছাড়া তিনবার খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি। গত বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথম আলো কার্যালয় থেকে দুবার ফোন করা হলেও তিনি ধরেননি।
গত ৬ আগস্ট প্রথম আলোয় ‘৩৯ বিদ্যালয়ে নিয়োগ জালিয়াতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এদিকে নবাবগঞ্জ শিক্ষা কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সংবাদ প্রকাশের পর নিয়োগ জালিয়াতির সমস্যা সমাধানের জন্য বর্তমান শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপ দিয়ে যাচ্ছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের বিষয়ে মন্তব্য করতে আমিনুল ইসলাম অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি কোনো অবৈধ নিয়োগের কাগজপত্রে সই করব না।’
নিয়োগ অনুমোদনকারী কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘এ অবৈধ নিয়োগের অনুমোদন আমি দেব না।’
শাহ আলমগীর হোসেন আরও জানান, শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান শিক্ষা কমিটির কার্যবিবরণী ও সিদ্ধান্ত ছাড়াই সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলামের সহযোগিতায় শিক্ষা কমিটির একটি ভুয়া কার্যবিবরণী তৈরি করেন। ওই সময়ে দায়িত্বরত ইউএনও আহসান হাবিবকে শিক্ষা কমিটির সভাপতি দেখিয়ে গত ২৩ ডিসেম্বর একটি ভুয়া কার্যবিবরণী তৈরি করে ১৪০টি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেখান। এরপর ওই সময়ের শিক্ষক সমিতির সভাপতি মতিনুর রহমান এবং আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার যোগসাজশে নিয়োগপ্রক্রিয়া শুরু করেন। হিটলারুজ্জামান, মতিনুর রহমান ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা তাঁদের পছন্দের প্রতিটি প্রার্থীর কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা নিয়ে নিয়োগ দেন।
বিধি অনুযায়ী নিয়োগ কমিটির সুপারিশের পর ৩০ দিনের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের সঙ্গে পরামর্শ করে নিয়োগ অনুমোদনকারী কর্তৃপক্ষ ইউএনও নিয়োগের অনুমোদন দেবেন। কিন্তু এভাবে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সাংসদ শিবলী সাদিক লিখিত নির্দেশ দেননি। এ অবস্থায় ইউএনও আজ পর্যন্ত নিয়োগ অনুমোদন করেননি। এ কারণে মার্চ মাসে নিয়োগ পাওয়া ওই ৩৯টি বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীর বেতন বন্ধ রয়েছে।