২০ হাজার টাকার জন্য হত্যার চেষ্টা সহকর্মীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২০ হাজার টাকার জন্য রাজমিস্ত্রি মো. সোহেলকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছিলেন তাঁরই এক সহকর্মী। গতকাল শনিবার জ্ঞান ফিরে আসার পর তিনি সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীতে ভাসমান বস্তা থেকে সোহেলকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনদের সঙ্গে কথা বলছেন সোহেল। তিনি এখন অনেকটাই সুস্থ।

সোহেল প্রথম আলোর কাছে দাবি করেন, আমিন আর তিনি একই সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। আমিনের কাছে তিনি ২০ হাজার টাকা পান। টাকা চাইলে তিনি শিগগিরই দেওয়ার আশ্বাস দেন। টাকা নিয়ে আমিনের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। গত বুধবার রাত আটটার দিকে আমিন তাঁকে জিঞ্জিরা এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে একটি দোকানে বসে তাঁরা চা খান। রাত ১১টার দিকে বাসায় ফেরার পথে আমিন পেছন থেকে ভারী কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে জ্ঞান হারান তিনি।

আমিন সম্পর্কে জানতে চাইলে সোহেল বলেন, তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে। জিঞ্জিরা এলাকায় থাকেন। এ ছাড়া তাঁর ব্যাপারে তিনি আর তেমন কিছু জানেন না। আমিনের মুঠোফোন নম্বরও তাঁর কাছে নেই।

তবে বিষয়টি জানতে আমিন নামে সোহেলের ওই সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দুই থানার সীমানা নিয়ে দ্বন্দ্ব: সোহেলকে উদ্ধারের পর কেরানীগঞ্জ মডেল থানা ও রাজধানীর চকবাজার থানা পুলিশের মধ্যে সীমানা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। নদী থেকে উদ্ধারের পর সোহেলকে হাসপাতালে ভর্তি করে চকবাজার থানার পুলিশ। তখন চকবাজার থানা থেকে বলা হয়, তাঁকে উদ্ধারের স্থান কেরানীগঞ্জ মডেল থানায় পড়েছে।

এ নিয়ে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সোহেলকে উদ্ধারের স্থান ও হাসপাতালে যায়। তবে উদ্ধারের আগ পর্যন্ত এ বিষয়ে ওই থানার পুলিশ কিছু জানত না বলে জানানো হয়।

যোগাযোগ করা হলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোহেলকে আঘাত করার স্থান ও উদ্ধারের স্থান, কোনো স্থানই আমার থানা এলাকায় পড়েনি। তাঁকে উদ্ধারের স্থান চকবাজার থানা এলাকায় পড়েছে।’

তবে চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, ‘নদীর মধ্যে তো আমার থানা এলাকা পড়ে না। তার পরও সোহেলের বক্তব্য নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’