২০ হাজার টাকায় উত্তর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৭টি জেলায় গতকাল শুক্রবার প্রাক্-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র থেকে মুঠোফোনে প্রশ্ন বাইরে পাঠিয়ে দেওয়াসহ বিভিন্ন জালিয়াতির অভিযোগে গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ ও বরিশালে ৪১ জনকে আটক করা হয়। এঁদের মধ্যে ছাত্রলীগের এক নেতাসহ ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ২১ জনকে।
রাজশাহীর এক পরীক্ষার্থী স্বীকার করেছেন, খুদে বার্তার মাধ্যমে উত্তর পাওয়ার জন্য তিনি ২০ হাজার টাকা দেন।
এ ছাড়া চট্টগ্রামে পরীক্ষার কেন্দ্রে ঢুকে এক ছাত্রলীগ নেতা প্রশ্নপত্রের ছবি তোলেন। এতে বাধা দেওয়ায় শিক্ষক ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, কোথাও প্রশ্নপত্র ফাঁস হয়নি। রাজশাহীসহ কিছু জায়গায় মুঠোফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনসহ কিছু জালিয়াতির ঘটনা ঘটলে ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কেন্দ্রের ১১০ নম্বর কক্ষের পরীক্ষার্থী শারমিন সুলতানা ও এমরান আলী মোল্লার কাছে মুঠোফোনে উত্তরপত্র পাওয়া যায়। প্রশ্নের সঙ্গে ওই উত্তরপত্র মিলিয়ে বোয়ালিয়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান দেখেন, গণিতের অংশ পুরো মিলে গেছে। এ ছাড়া সাহিত্য ও সাধারণ জ্ঞানের প্রশ্নেও মিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তিনি ২০ হাজার টাকায় উত্তরপত্রের খুদে বার্তা কিনেছেন। পরে তাঁদের আটক ও মুঠোফোন জব্দ করা হয়।
একই ধরনের অভিযোগে রাজশাহী কলেজ কেন্দ্র থেকে রুমালী খাতুনকে, মাদার বক্স কলেজ কেন্দ্র থেকে সাকিলা আক্তার, রাজশাহী সিটি কলেজ কেন্দ্র থেকে শিরিনা খাতুন ও রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে শারমিন খাতুনকে আটক করা হয়।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, রুমালী খাতুন, শারমিন সুলতানা ও এমরান আলী মোল্লাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর শারমিন খাতুন, সাকিলা আক্তার ও শিরিন খাতুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গাইবান্ধা: জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, গাইবান্ধা শহরে ২৩টি ও পলাশবাড়ী উপজেলা সদরে আটটি কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এর মধ্যে গাইবান্ধা শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা আদর্শ কলেজ, ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও সরকারি বালক উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় উত্তর আসতে থাকে। মুঠোফোন দেখে সেই উত্তর লেখার সময় ৩২ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে বিকেলে গাইবান্ধা সরকারি মহিলা কলেজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফারুল হাসান আব্বাসী।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার শাহিদুল ইসলাম, উম্মে হানি, দীপা রানী, নজরুল ইসলাম, মাইদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলার আবদুল ওহাব, কল্পনা বেগম, আফরোজা, ইয়াছিন আলী, নুরে জান্নাত, ডেইজি বেগম, জান্নাতুল মাওয়া, তপোতী রানী, পলাশবাড়ী উপজেলার শাফায়াত হোসেন, জয়তুন নাহার, সুমি আক্তার, সাদিয়া আক্তার, বাবুল মিয়া, সাঘাটা উপজেলার লিলি বেগম, শাহাজাদী বেগম, মনিকা রানী, জেসমিন নাহার, ফুলছড়ি উপজেলার নিলা রানী, সাদুল্যাপুর উপজেলার নুর হাসান, রুপালী বেগম, গাইবান্ধা সদরের জোসনা বেগম, হাসান মো. হাফিজুর রহমান, মাহবুবা বেগম, সাথী আক্তার, জান্নাতী বেগম ও সামাদ নুরী।
এঁদের মধ্যে পুরুষ ১০ জনকে এক দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত কারাদণ্ড ও প্রত্যেকের এক হাজার টাকা করে জরিমানা এবং নারী ২১ জনকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া এক পরীক্ষার্থীকে মুঠোফোনে সহযোগিতা করার সময় গাইবান্ধা সরকারি মহিলা কলেজের কর্মচারী কাজী হিল্লোলকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনকে বিকেলেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ: চক এনায়েত উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১০৫ নম্বর কক্ষে সানজিদা খাতুন নামের এক পরীক্ষার্থীকে মুঠোফোনসহ আটক করা হয়। পরে তাঁর মুঠোফোনে প্রশ্নের উত্তর পাঠানো খুদে বার্তা পাওয়া যায়। ওই খুদে বার্তা পাঠান তাঁর দুলাভাই রেজাউল করিম। পরে তাঁকেও আটক করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
বরিশাল: পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহের অভিযোগে নগরের সরকারি বরিশাল কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রেজভি আহম্মেদ ওরফে রাজা রাড়ীকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সরকারি সিটি কলেজের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কলেজের দক্ষিণ ভবনের নিচতলার ১০১ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার পরপরই বাইরে থেকে দুই যুবক কেন্দ্রে ঢুকে পড়েন। এর মধ্যে একজন চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সহসভাপতি নোমান চৌধুরী, অন্যজনকে তাঁরা চেনেন না। ওই দুজন এক পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র কেড়ে নিয়ে মুঠোফোনে ছবি তোলেন। এরপর তাঁরা বেরিয়ে যাওয়ার সময় দায়িত্বরত শিক্ষকেরা বাধা দেন। তাঁদের কাছ থেকে মুঠোফোন নিয়ে নেন শিক্ষকেরা। পরে মুঠোফোনটি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রলীগ নেতা নোমানের মুঠোফোন জব্দ করার পর ১০-১৫ জন কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে হট্টগোল করতে থাকে। বাধা দিতে গেলে তারা দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে।
তবে সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে নোমানের ছবি তোলার বিষয়টি অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নোমানের কিছু পরিচিত ছোট ভাই তাঁর মুঠোফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ছবি তুলেছে।’
ঘটনার পরপরই ওই কেন্দ্রে গিয়েছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের কয়েকজন ছেলে কেন্দ্রে ঢুকে প্রশ্নপত্রের ছবি তোলে। এ সময় শিক্ষকেরা মুঠোফোনটি জব্দ করেন। পরে সেটটি সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে দেওয়া হয়।