২০ হাজার তরুণ ও বেকার যুবক প্রতারণার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ হাজার বেকার যুবক ও তরুণকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও পণ্য বিক্রির মাধ্যমে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রায় ৭০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতিষ্ঠান। এমন অভিযোগে গত বৃহস্পতিবার লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের আশুলিয়া শাখার চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতারিত কয়েকজন যুবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে খাওয়া ও বাসস্থানের সুবিধাসহ দুটি ইলেকট্রনিকস কোম্পানিতে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা বেতনে চাকরির সঙ্গে পণ্য বিক্রির ওপর কমিশনের প্রলোভনে দেখিয়ে তরুণ ও বেকার যুবকদের আকৃষ্ট করা হয়। এরপর প্রশিক্ষণের কথা বলে তাঁদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা জামানত নেওয়া হয়। যোগদানের পরপরই প্রশিক্ষণের নামে তাঁদের চাকরিপ্রার্থী সংগ্রহের কৌশল শেখানো হয়। যত লোক জোগাড় করা যাবে, বেতন ও কমিশন তত বাড়তে থাকবে বলে প্রলুব্ধ করা হয়। তাঁদের পরামর্শ অনুযায়ী চাকরিপ্রত্যাশীরা আত্মীয়স্বজন ও বন্ধুসহ পরিচিতদের ওই প্রতিষ্ঠানে চাকরি পেতে উৎসাহিত করেন। তাঁদের কথায় অনেকেই জামানত দিয়ে ওই প্রতিষ্ঠানে যোগদান করেন। এভাবেই লোকসংখ্যা বাড়তে থাকে। চাকরির প্রলোভন দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি ১৭ তরুণকে প্রশিক্ষণের জন্য আশুলিয়ায় আনা হয়। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা জামানত নেওয়া হয়। দেড় থেকে চার মাস ধরে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়ে লোক সংগ্রহের কৌশল শেখানো হয়েছে। কর্তৃপক্ষের কথামতো অনেকে লোক জোগাড় করলেও বেতন বা কমিশন কিছুই পাননি।
পরে পিরোজপুর থেকে আসা প্রতারিত ব্যক্তিদের কয়েকজন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসানের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে তিনি গত বৃহস্পতিবার লাইফওয়ের আশুলিয়া কার্যালয়ে অভিযান চালান। এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রমের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় শাখার ব্যবস্থাপক হাসান আলী এবং কর্মকর্তা মামুনুর রশীদ, মামুন ও অসীম দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গতকাল শুক্রবার তাঁদের বিরুদ্ধে মঠবাড়িয়ার শাখারিকাঠি গ্রামের প্রতারিত কাউসার হোসেনের বাবা মিজানুর রহমান আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় আটক ওই চারজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
কাউসার বলেন, সুদেব প্রামাণিক নামে এক বন্ধুর মাধ্যমে ৩৫ হাজার টাকা জামানত দিয়ে তিনি মাস খানেক আগে লাইফওয়েতে যোগদান করেন। যোগদানের সময় তাঁকে ওয়ালটনের কারখানায় মাসে ১০ হাজার টাকা বেতনে চাকরি ও খাওয়া-থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কিন্তু এক মাসে তাঁকে থাকা ও খাওয়ার ব্যবস্থা ছাড়া কোনো শর্তই মানা হয়নি।
গতকাল আশুলিয়ার জামগড়া এলাকার ভূঁইয়া মার্কেটে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে তালা ঝুলছে। কার্যালয়ের পেছনে একাধিক ভবনে করা হয়েছে চাকরিপ্রার্থীদের আবাসনের ব্যবস্থা। ওই সব ভবনে ছোট ছোট কক্ষে চার থেকে পাঁচজনকে গাদাগাদি করে থাকতে দেখা যায়। তাঁদের মূল কাজ কথা বলে বন্ধুবান্ধব ও স্বজনদের আকৃষ্ট করা। চার মাস ধরে একটি কক্ষে অবস্থান করছেন ঝালকাঠি সদর উপজেলার কালিয়াঘাপ গ্রামের সুব্রত হালদার। তিনি ওই সময়ে মামাতো ভাই পলাশসহ চারজনকে জোগাড় করে দিয়ে মাত্র সাত হাজার টাকা কমিশন পেয়েছেন। এ ছাড়া তাঁকে কোনো বেতন দেওয়া হয়নি। আর তাঁকেসহ ওই চারজনের যোগদান বাবদ লাইফওয়ে পেয়েছে প্রায় দুই লাখ টাকা।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাসান আলী বলেন, আশুলিয়া শাখার কার্যক্রম শুরু হয়েছে বছর পাঁচেক আগে। এ পর্যন্ত এই শাখার মাধ্যমে ১০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী সংগ্রহ করা হয়েছে। বর্তমানে শাখাটিতে এক হাজারেরও বেশি লোক প্রশিক্ষণ নিচ্ছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, মামলা দায়েরের পর গতকাল ওই চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
এএসপি নাজমুল হাসান বলেন, একটি সংঘবদ্ধ চক্র ওই প্রতিষ্ঠানের মাধ্যমে গত পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ২০ হাজার তরুণ ও বেকার যুবকের কাছ থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত ব্যক্তিদের সবাই অতিদরিদ্র পরিবারের সদস্য ও তাঁরা দূরবর্তী স্থানের বাসিন্দা। এ কারণে প্রতারিত হওয়ার পরও তাঁরা আইনের আশ্রয় না নিয়ে চলে যান।