ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১০টা থেকে সরাইল বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। এটি এক মাসের মধ্যে এই স্থানে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মোহাম্মদ সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চারজন প্রভাবশালী ব্যক্তি ২০ থেকে ২৫ বছর ধরে সরাইল বিশ্বরোড মোড়ে মহাসড়ক ও সরকারি জায়গা দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর সাত-আট বছর ধরে আবার এসব স্থানে দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এর আগে ১ ফেব্রুয়ারি সওজ কর্তৃপক্ষ বিশ্বরোড মোড় থেকে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। তবে উচ্ছেদের কয়েক দিন পর দখলদারেরা আবার অবৈধ স্থাপনা নির্মাণ করতে থাকেন। আজ আবার উচ্ছেদ অভিযান চালানো হলো।
বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘বিশ্বরোড মোড়ের যানজটের জন্য এসব অবৈধ দোকানপাটই দায়ী। এখানে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এসব অবৈধ দোকানের জন্য মহাসড়কের ওপর প্রায়ই সংঘাতের ঘটনাও ঘটছে। কয়েক মাস ধরে এসব দোকান উচ্ছেদের চেষ্টা করছি।’