২০০ কেজি পিরানহা ও লইট্যা মাছ জব্দ
নগরের ফিসারিঘাট থেকে ১০০ কেজি নিষিদ্ধ পিরানহা এবং রিয়াজউদ্দিন বাজার থেকে রং মিশ্রিত সমপরিমাণ লইট্যা মাছ জব্দ করেছে মৎস্য দপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই মাছ বিক্রেতাকে দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম আদালতের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা অ্যানি কর্মকার, মৎস্য পরিদর্শক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
জানা গেছে, ফিসারিঘাট থেকে সকালে ১০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এ অপরাধে বিক্রেতা মো. মঈনুদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপর দিকে নগরের রিয়াজউদ্দিন বাজার থেকে রং মেশানো ১০০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রেতা আবুল বশরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, মৎস্য সংরক্ষণ আইন এবং মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ আইন দুই বিক্রেতাকে এই শাস্তি দেওয়া হয়। জব্দ করা মাছগুলো ধ্বংস করা হয়েছে।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পিরানহা মাছ উৎপাদন এবং বিপণন নিষিদ্ধ বলে জানান কামাল উদ্দিন।