২০০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী আনোয়ার হোসেন স্বপন বাদী হয়ে নিউ মার্কেট থানায় এই মামলা করেন।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার রুহুল আমিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজের ছাত্রসহ বহিরাগত অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
মামলার বরাত দিয়ে নিউ মার্কেট থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে দুই যুবক ঢাকা কলেজের ছাত্রনেতা পরিচয় দিয়ে ‘শাড়ি মেলা’ নামের দোকান থেকে একটি শাড়ির নির্ধারিত দাম ১৫ হাজার টাকা না দিয়ে চলে যেতে চান। কিন্তু দোকানের মালিক ও কর্মচারীরা বাধা দেন। এ সময় তাঁরা হুমকি দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পর লাঠিসোঁটা নিয়ে ১৫-২০ জন যুবক ঢাকা কলেজের ছাত্র পরিচয় দিয়ে ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের ওপর হামলা চালান। মামলায় বলা হয়, হামলায় সাড়ে ২২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, শাড়ি কিনতে আসা দুই যুবক নিজেদের ছাত্রলীগের নেতা পরিচয় দিলেও ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন হওয়ায় ব্যবসায়ীরা ভয়ে তা মামলায় উল্লেখ করেননি।
ব্যবসায়ী নাজমুল হোসেন ও সাদ্দাম হোসেন বলেন, মাঝেমধ্যে ঢাকা কলেজের ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে কেউ কেউ দাম না দিয়ে শাড়িসহ কাপড়চোপড় নিয়ে যান। তাঁরা বলেন, হামলাকারীরা ফুটপাতের কয়েকটি দোকান লুট করেছেন।
ধানমন্ডি হকার্স মার্কেট পরিচালনাকারী নিউ মার্কেট হকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান গতকাল প্রথম আলোকে বলেন, মার্কেটের ক্লোজড সার্কিট ক্যামেরায় হামলাকারীদের ছবি ধরা পড়েছে। এখন পুলিশ হামলাকারীদের শনাক্ত করে বের করবে। গতকাল সকালে ধানমন্ডি হকার্স মার্কেটে খুলেছে। মার্কেটের সামনে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর রোডে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। ধানমন্ডি হকার্স মার্কেটে ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি যান ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।