২০০ টাকার জন্য বন্ধুকে খুন!
তাঁরা দুই বন্ধু। মো. ইসমাইল ও মো. লিটন। পেশায় শ্রমিক। কাজ শেষ করে দুজনে একসঙ্গে গাঁজা সেবন করতেন। মাসখানেক আগে মো. লিটন বন্ধু ইসমাইলের কাছ থেকে ২০০ টাকা ধার নেন। ইসমাইল সেই টাকা দাবি করায় তাঁকে গালাগাল করেন লিটন। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাইল বন্ধুকে খুন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত গাঁজা খাইয়ে ২১ জুন লিটনকে খুন করেন তিনি। পরে লাশটি বস্তাবন্দী করে কংক্রিটের স্তূপে ভেতর লুকিয়ে রাখেন। পাঁচ দিন পর গত সোমবার নগরের পতেঙ্গা থানার মাইজপাড়া এলাকা থেকে লিটনের লাশ উদ্ধার করে পুলিশ।
পরদিন গত মঙ্গলবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইলকে পতেঙ্গার কয়লারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভুঁইয়ার আদালতে আসামি ইসমাইল ২০০ টাকার জন্য তাঁর বন্ধু লিটনকে খুন করার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, খুনের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামি ইসমাইলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) থোয়াই মারমা বলেন, আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন, নিহত লিটনের বাড়ি সিলেটে আর আসামি ইসমাইলের বাড়ি সুনামগঞ্জে। তারা দুজনেই নির্মাণ ও রং মিস্ত্রির কাজ করতেন। ধার দেওয়া টাকা ফেরত না দেওয়ায় ইসমাইল পরিকল্পনা করে খুন করেন তাঁকে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, গত সোমবার এলাকার লোকজন খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার তদন্ত করতে গিয়ে পরদিন ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় নিহত লিটনের স্ত্রী লাকী বেগম বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেছেন।