২০০০ টাকায় যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই হাজার টাকার বিনিময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা ছুড়েছিল দুই দুর্বৃত্ত। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছে। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দিতে তারা যাত্রাবাড়ীর বিএনপির এক নেতাকে উদ্ধৃত করে বলে, ‘দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ আছে, বড় কিছু ঘটাতে হবে।’ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া দুই ব্যক্তি হলো মো. শহিদুল্লাহ খান ও মো. পারভেজ। পুলিশ দাবি করেছে, তারা দুজনেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাতুয়াইলের মাছপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের গতকাল আদালতে হাজির করা হয়।
মহানগর হাকিম এস এম মাসুদ জামান আসামি শহিদুল্লাহর এবং মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া আসামি পারভেজের জবানবন্দি নেন। জবানবন্দি দেওয়ার পর দুজনকেই অন্য একটি মামলায় তিন দিন করে রিমান্ডে নেয় ডিবি। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ২৮ জন দগ্ধ হন। তাঁদের মধ্যে নূরে আলম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই হামলার ঘটনায় ২৪ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ। মামলাটির বাদী ওই থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান।
এজাহারে পেট্রলবোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে ১৮ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে উল্লেখ করা হয়েছে যাত্রাবাড়ীর ৫০ জন বিএনপির নেতা-কর্মীর নাম। এঁদের সবার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া দুজনের কেউ এজাহারভুক্ত আসামি নন।
আদালত সূত্র জানায়, পারভেজ জবানবন্দিতে বলেছেন, যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা ছোড়ার দুই দিন আগে থেকেই তিনি বিষয়টি জানতেন। বাস যখন জ্বলছিল তখন তিনি ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। ঘটনার দুই দিন আগে সোহাগ ও শহিদুল নামের দুই ব্যক্তি তাঁকে যাত্রাবাড়ীর লেগুনা স্ট্যান্ডে ডেকে নিয়ে বলেন, ‘বাসে আগুন দিতে হবে।’ এই কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে। এরপর তিনি বোমা রাসেল নামে একজনের সন্ধান দেন। পরদিন বোমা রাসেল যাত্রাবাড়ী এলে শহিদুল, পারভেজ, রাসেল, সোহাগ ও সাব্বির মিলে বৈঠক করে। বৈঠকের পর শহিদুল দুই লিটার পেট্রল ও দুই হাজার টাকা রাসেলের হাতে তুলে দেন। পরে রাসেল বোমা বানান। ঘটনার দিন রাসেল হাতে পেট্রলবোমা এবং সোহাগ ও সাব্বির ককটেল হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। গ্লোরী পরিবহনের বাসটি আসার সঙ্গে সঙ্গে তাঁরা বাসে বোমা ছোড়েন। এতে বাসে আগুন ধরে যায়। তিনি বলেন, ঘটনার পর থেকে তিনি মোবাইল সিম বন্ধ রাখেন।
শহিদুল্লাহ জবানবন্দিতে জানিয়েছেন, জনি নামের এক ব্যক্তি তাঁকে বলেছেন, ‘আমি টাকা দিব, তোরা বোমা বানা। এরপর জনি দুই হাজার টাকা ও দুই লিটার পেট্রল দেয়।’ জনি বলেন, বাসে বোমা ছুড়ে মারার পর সবার ফোন বন্ধ রাখতে হবে। পরদিন জনি তাঁর সঙ্গে দেখা করে তাঁকে যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যান। সেখানে বিএনপির নেতা নবীউল্লাহ নবী বসে ছিলেন। তিনি বলেন, খেজুরবাগান ও রমনায় যেভাবে পোড়ানো হয়েছিল, তার থেকে একটি বড় কাজ করতে হবে। পারলে অনেক টাকা দেওয়া হবে। নবী তাঁকে বলেন, ‘হাইকমান্ডের সঙ্গে বৈঠক করে আসলাম, সফু ভাই, নেওয়াজ, নীরব ভাই, সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, ইসহাক সরকার, হাবিব-উন-নবী সোহেল উপস্থিত ছিলেন। দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা আছে—বড় ধরনের কিছু ঘটাতে হবে। সবাই বলে, আমাদের এলাকায় বিএনপির লোক নেই। আমি মুখ দেখাতে পারি না।’
জবানবন্দিতে শহিদুল্লাহ আরও বলেন, ‘জনি ভাই আমাকে বলে, তোকে টাকা দিচ্ছি। তুই লোক ঠিক কর। এই বলে দুই হাজার টাকা দেন।’