>টিআর ও জিআর বরাদ্দের এসব চাল ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে
মেহেরপুরের গাংনী উপজেলা খাদ্যগুদাম থেকে ২ হাজার ৭৫ কেজি চাল উধাও হয়ে গেছে। টিআর ও জিআর বরাদ্দের এসব চাল ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থবছরে মেহেরপুর-২ আসনের সাংসদের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-খাদ্যশস্য) কর্মসূচির আওতায় ৩০০ মেট্রিক টন চাল উপবরাদ্দ পাওয়া যায়। ভোলাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল গণির অনুকূলে ১ মেট্রিক টন (১০০০ কেজি) ও গাংনী থানাপাড়া প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে ১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে চাল উত্তোলনের জন্য পিআইও কার্যালয় থেকে কেউ চাহিদাপত্র (ডিও) গ্রহণ করেননি। ফলে এ দুই প্রকল্পের দুই মেট্রিক টন চাল রয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সহযোগিতার জন্য জিআর (সাধারণ সহায়তা) খাত থেকে ৭৫ কেজি (পরিবারপ্রতি ২৫ কেজি) চাল বরাদ্দ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ওই চাল ক্ষতিগ্রস্ত পরিবার গ্রহণ না করায় সেগুলোও রয়ে যায়।
বিতরণ না হওয়া ২ মেট্রিক টন ৭৫ কেজি চাল প্রেরণের জন্য গত বছরের ২৯ সেপ্টেম্বর উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে চিঠি দেন ইউএনও। পিআইও দিলীপ কুমার সেন বলেন, দুটি প্রকল্পের ২ মেট্রিক টন চালের কোনো কমিটি চাহিদাপত্র নেয়নি। এ জন্য সেগুলো অব্যয়িত আছে। এ বিষয়ে ২৯ সেপ্টেম্বর খাদ্যনিয়ন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম তাঁকে (পিআইও) জানিয়েছেন যে কোনো চাল অব্যয়িত নেই।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আয়েশা খাতুন বলেন, পিআইও ও দুটি প্রকল্পের কমিটির সভাপতির সই ছাড়া গুদাম কর্মকর্তা কীভাবে চাল ব্যয় করেছেন, তা তিনিই বলতে পারবেন। অব্যয়িত চালের বিষয়ে ২৯ জানুয়ারি প্রতিবেদন পাঠানো হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, সরকারি বিধি মোতাবেক সবকিছু করা হয়েছে। দুটি প্রকল্পের বিপরীতে চাহিদাপত্র পাওয়ার পর চাল দেওয়া হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি। তবে ইউএনও কেন দুটি প্রকল্পের বিপরীতে অব্যয়িত চালের বিষয়ে চিঠি দিয়েছেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি নজরুল ইসলাম।
থানাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মতবিরোধের কারণে তিনি কমিটি দাখিল করেননি। আর কমিটি দাখিল না হলে চাল উত্তোলনের প্রশ্নই আসে না।
ভোলাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক সোলার প্যানেল স্থাপন প্রকল্পের চেয়ারম্যান আবদুল গণির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও স্বাক্ষরিত কাগজপত্র পেলেই প্রকল্পের চাল বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। চালের হিসাব রাখেন গুদাম কর্মকর্তা। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির সই ছাড়া বরাদ্দের চাল কীভাবে বিতরণ হয়েছে তার হিসাব দেবেন গুদাম কর্মকর্তা।
ইউএনও আরিফ উজ জামান বলেন, অব্যয়িত চালের বিষয়ে গুদাম কর্মকর্তার দুর্নীতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।