২১ দিনের আরেক শিশুর অবস্থা গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় গতকাল মঙ্গলবার বিকেলে ঘর থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২১ দিন বয়সী আরেক ছেলেশিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মা নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মারা যাওয়া দুজন হলেন উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের অপু কর্মকারের স্ত্রী শম্পা রাণী কর্মকার (২৪) ও তাঁর তিন বছরের ছেলে অরণ্য কর্মকার। তবে কী কারণে সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করলেন, তা পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তাফালবাড়ি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আরাফাত শেখ বলেন, গতকাল সকাল থেকে অপু কর্মকারের বাসায় কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাঁর বাসার সামনে যান। বিকেল পৌনে চারটার দিকে জানালা দিয়ে ঘরের ভেতরে অপুর স্ত্রী শম্পাকে আড়ার সঙ্গে রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে শিশু অরণ্য ও আড়ার সঙ্গে ঝুলতে থাকা শম্পার মরদেহ উদ্ধার করে। এ সময় এ দম্পতির ২১ দিন বয়সী ছেলে অর্ণবকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার হওয়া শিশুটির গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তাকেও মা হত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
শরণখোলা থানার ওসি মো. আবদুল জলিল বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।