২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের কামারখন্দে ২২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগের নেতা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বলরামপুর হাটখোলার তিন রাস্তার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান আলী (৩৫) ও বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী এলাকার দিলীপ কুমার (৫৭)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) গোলাম রব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র্যাবের সদস্যরা সাদাপোশাকে অবস্থান নেন। এ সময় গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে থাকা ২২ কেজি গাঁজা, নগদ ৪১ হাজার ৮০০ টাকা, দুটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজন মাদক ব্যবসায়ী। পুলিশ তাঁদের খুঁজছিল। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।