২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুর থেকে গত বুধবার রাতে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন যশোরের শার্শা থানার আবদুল আহাদ, খুলনার দিঘলিয়া থানার রফিকুল ইসলাম ও কামরুল ইসলাম কাজী।

গতকাল বৃহস্পতিবার খুলনায় র‍্যাব-৬ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মোস্তফা আশিক বলেন, বুধবার রাতে র‍্যাব খালিশপুরের হার্ডবোর্ড মিল গেটের সামনে অভিযান চালায়। এ সময় আহাদ, রফিকুল ও কামরুলকে পাকড়াও করা হয়। তাঁদের কাছে থাকা একটি পাটের বস্তা ও ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ১১টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলোর ওজন ২২ কেজি, যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ৪০ হাজার টাকা।

র‍্যাব এ ঘটনায় গতকাল খালিশপুর থানায় একটি মামলা করেছে। আটক তিনজনকে এ মামলায় পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। জেলায় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।