হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্মকর্তাদের মারধর করে পণ্য ছিনতাই ঘটনার ২২ দিন পর প্রধান আসামি বদরুল আলম ওরফে শ্যামলসহ (৩৭) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অপর দুজন হলেন শ্যামলের ছোট ভাই ফয়সল আলম ওরফে প্রিন্স (৩৩) ও তাঁর সহযোগী আসিফুজ্জামান (২৬)।
গতকাল বুধবার উত্তরার র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এঁদের গ্রেপ্তারের খবর জানান র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লি থেকে শ্যামল ও তাঁর ভাই ফয়সল আলমকে এবং খিলগাঁওয়ের প্রভাতীবাগ থেকে আসিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১-এর পরিচালক বলেন, শ্যামল বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে বিমানবন্দর এলাকায় পণ্য ছিনতাই, ওষুধ ও সোনা চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। তিনি দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যামল র্যাবকে বলেছেন, শুল্ক বিভাগের কিছু কর্মকর্তাও তাঁর এসব কর্মকাণ্ডে জড়িত। অবশ্য ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, শ্যামলের সঙ্গে কোনো শুল্ক কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যুবলীগের নেতা হিসেবে পরিচিত শ্যামল ও তাঁর ভাই ফয়সলের নেতৃত্বে গত ১০ আগস্ট দুপুরে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভেতরে কুরিয়ার ইউনিট থেকে পণ্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় তাঁরা ঢাকা কাস্টম হাউসের এক সহকারী কমিশনার ও পাঁচ সহকারী রাজস্ব কর্মকর্তাকে মারধর করে ১৫টি কার্টন ছিনিয়ে নিয়ে যান। পরে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র দেখে দুই ভাইকে শনাক্ত করে পুলিশ এবং ওই দিনই উত্তরায় শ্যামলের এসএমআই ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে ছিনতাই হওয়া পণ্য উদ্ধার করে।
পরদিন এ ঘটনায় থানায় মামলা হয়। এ ঘটনায় এর আগে ছয়জনকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার পুলিশ। এজাহারভুক্ত আসামিদের এখনো পাঁচজন পলাতক আছেন। তাঁরা হলেন শহীদুল ইসলাম, হাদিস উল্লাহ, ইয়াসিন মিয়া, সুমন ও মোহাম্মদ আলম। এর মধ্যে আসামি ইয়াসিন মিয়া বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তাঁকে ২৪ আগস্ট সংগঠন থেকে বহিষ্কার করা হয়।