সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের স্কুলছাত্র ইমন মিয়া (৬) অপহরণের ২২ দিন পর গতকাল শনিবার ওই গ্রামের হাওর থেকে তার শরীরের কয়েকটি অংশ উদ্ধার করেছে পুলিশ। এগুলো হাওরের এক স্থানে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা শোয়াইবুর রহমান, রফিকুর রহমান ও জাহেদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার পুলিশ হাওর থেকে ইমনের হাড়গোড় উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তার পুরো দেহ পাওয়া যায়নি। মাথার খুলি, হাত-পা আলাদাভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে ইমন মিয়ার বাবা জহুর আলী ছেলের লাশ শনাক্ত করেন। বাতিরকান্দি গ্রামের সৌদিপ্রবাসী জহুর আলীর ছেলে ইমন মিয়া অপহরণের শিকার হয় গত ২৭ মার্চ।
ইমন মিয়া অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ও ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আহমদ সনজুর মুর্শেদ বলেন, পুরো মৃতদেহ পাওয়া যায়নি। মাথার খুলি, হাত-পা এক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে ইমনের বাবা লাশ শনাক্ত করেছেন। এখন এগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।